Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রাজিলে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্র, বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম

ব্রাজিলে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্র, বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্র এবং দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টার দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি কারমেন লুসিয়া আনতুনেস রোচা ও ক্রিস্তিয়ানো জানিনের রায়ের মধ্য দিয়ে বিচারক প্যানেলের পাঁচজনের মধ্যে চারজন তাঁকে দোষী সাব্যস্ত করেন। আদালতে রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস বলেন, বোলসোনারো গণতন্ত্রের মূল স্তম্ভ ভেঙে ফেলার চেষ্টা করেছেন, যার পরিণতি হতো ব্রাজিলে আবারও একনায়কতন্ত্রের প্রত্যাবর্তন।

বিচারপতি রোচা তাঁর চূড়ান্ত ভোটে বলেন, ব্রাজিলে “বিরুদ্ধগণতন্ত্রের বিষবীজ” বপনের চেষ্টা হয়েছিল, তবে দেশের প্রতিষ্ঠানগুলো সেই আঘাত সামলে উঠেছে এবং প্রতিরোধ করছে। তাঁর ভাষায়, “ব্রাজিলের গণতন্ত্র টলোমলো হয়নি, বরং কর্তৃত্ববাদী ভাইরাসের বিস্তার ঠেকাতে লড়াই করছে।”

মঙ্গলবার বিচারপতি মোরায়েস এবং ফ্লাভিও দিনোও বোলসোনারোকে দোষী সাব্যস্ত করে বলেন, ৭০ বছর বয়সী এই সাবেক নেতা একটি অপরাধী সংগঠনের প্রধান ছিলেন, যারা দেশকে আবারও স্বৈরশাসনের দিকে ঠেলে দিতে চেয়েছিল। মোরায়েস বলেন, এই ষড়যন্ত্র ধীরে ধীরে এগোতে থাকে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত, যখন লুলা দা সিলভা ক্ষমতায় আসার পর তাঁর সমর্থকেরা ব্রাসিলিয়ায় দাঙ্গা করে।

যদিও বিচারপতি লুইজ ফুক্স আলাদা মত দেন। তিনি দাবি করেন, বোলসোনারো হত্যার ষড়যন্ত্র বা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন—এমন কোনো প্রমাণ নেই। তবে তিনিও ২০২৩ সালের জানুয়ারির সহিংস দাঙ্গাকে “অমানবিক” বলে নিন্দা করেন।

বোলসোনারোর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেত্তো, সাবেক গোয়েন্দা প্রধান আলেক্সান্দ্রে রামাজেম, সাবেক নৌবাহিনীপ্রধান আলমির গার্নিয়ের সান্তোস এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা অগুস্তো হেলেনো।

রায় ঘোষণার পর ব্রাসিলিয়ায় আদালতের বাইরে আনন্দ মিছিল বের হয়। শ্রমিক পার্টির নেতা লিন্ডবার্গ ফারিয়াস বলেন, “আজ ব্রাজিল ইতিহাস তৈরি করেছে। আজ আমরা বলছি, অভ্যুত্থান অপরাধ।” এক ট্রাম্পেটশিল্পী চোপানের “ফিউনারেল মার্চ” বাজিয়ে প্রতীকীভাবে বোলসোনারোর পতনকে স্মরণ করেন, পরে এক চঞ্চল সাম্বার সুরে ভিড়ের উল্লাসকে ছুঁয়ে দেন।

তবে বোলসোনারোর পরিবার এবং সমর্থকেরা রায়কে রাজনৈতিক নিপীড়ন বলে আখ্যা দিয়েছেন। তাঁর ছেলে ফ্লাভিও বোলসোনারো বলেছেন, যুক্তরাষ্ট্র এ নিয়ে প্রতিক্রিয়া জানাবে। ইতোমধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়কে নিজের বিরুদ্ধে চালানো ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে “অন্যায়” রায় আখ্যা দিয়ে সতর্কবার্তাও দিয়েছেন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, বাইরের হুমকি দিয়ে গণতন্ত্রকে ভয় দেখানো যাবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বোলসোনারোর রাজনৈতিক আন্দোলন এখনও সক্রিয় এবং তাঁর সমর্থকেরা নানা উপায়ে তাঁকে জেল থেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে। কেউ কেউ আগামী নির্বাচনে সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের জন্য ডানপন্থী সেনেটর বেছে নেওয়ার পরিকল্পনার কথাও বলছেন।

তবু ব্রাজিলের অনেকের কাছে এই রায় এক ঐতিহাসিক মুহূর্ত। তাঁদের বিশ্বাস, যাঁরা পরিবেশ ধ্বংস করেছেন, সংখ্যালঘুদের আক্রমণ করেছেন আর গণতন্ত্রকে বিপদে ফেলেছেন—অবশেষে তাঁদের বিচারের মুখোমুখি করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন