Logo
Logo
×

আন্তর্জাতিক

হামলায় ইসরায়েলে নিহত ৩, ইরানের টিভিতে যুদ্ধবিরতির ঘোষণা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪১ এএম

হামলায় ইসরায়েলে নিহত ৩, ইরানের টিভিতে যুদ্ধবিরতির ঘোষণা

টানা কয়েক দিন ধরে সংঘর্ষের পর ইরান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে যুদ্ধ থামানোকে ইরান দেখছে তাদের ‘সফল কৌশলগত হামলা’র ফল হিসেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন দাবি করেছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির আবেদন করেছেন। এরপরই যুদ্ধ থামে এবং এই যুদ্ধবিরতি কার্যত ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।” একইসঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) এবং ইরানি জনগণের প্রতিরোধকে অভিনন্দন জানানো হয়।

তবে ট্রাম্প নিজেও বলেছেন, ইসরায়েল ও ইরান “প্রায় একই সঙ্গে শান্তির প্রস্তাব নিয়ে এসেছিল।” তিনি তার Truth Social প্ল্যাটফর্মে লিখেছেন, “আমি জানতাম, এখনই সময়। বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আজকের জয়ের আসল অংশীদার।”

হামলার পর ইসরায়েলে মৃত্যু:

ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। তাদের বিবরণ অনুযায়ী, একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবনে ব্যাপক ধ্বংস হয় এবং তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়, যাদের মৃত্যু হয়েছে।

ইরান কেন মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করেছিল?

নিরাপত্তা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং জানান, ইরানের পক্ষ থেকে আগাম সতর্কতা দেওয়ার উদ্দেশ্য ছিল সংঘাত নিয়ন্ত্রণে রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো এড়িয়ে চলা। আগাম বার্তায় কাতার ও যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটিতে থাকা লোকজন ও বিমান চলাচল নিরাপদ রাখতে পেরেছে।

ইরানের পক্ষ থেকে হামলা এখনও চলছে?

যদিও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করেছে, ইসরায়েল দাবি করছে যে ইরান থেকে এখনও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জানিয়েছে, তারা নতুন করে ইরানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

ইরান বলছে, ৪টা পর্যন্ত চালিয়ে গেছে সামরিক অভিযান:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ভোর ৪টা পর্যন্ত সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের জাতিকে রক্ষার লড়াই চালিয়েছি এবং ইসরায়েলকে শাস্তি দিয়েছি।” তবে ইসরায়েল যদি হামলা বন্ধ রাখে, ইরানও পাল্টা হামলা থেকে বিরত থাকবে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ইরানে বিস্ফোরণ ও ‘ঘুমহীন রাত’:

তেহরানের বিভিন্ন অংশে গভীর রাতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি হামলা প্রতিরোধ করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। তবে ভোর ৪টার পর পরিস্থিতি শান্ত হতে শুরু করে।

পরমাণু কর্মসূচির এক কর্মকর্তা নিহত:

ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবের নামের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে সরকারি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। গিলান প্রদেশে গত রাতে চালানো এক হামলায় তাকে টার্গেট করা হয়।

যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের পারমাণবিক ক্ষমতা ‘ধ্বংস’:

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে চালানো বিমান হামলায় তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়েছে। “আমরা নিশ্চিত করেছি যে, তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না,” তিনি জানান।

রাজনৈতিক অবস্থান: যুদ্ধ বা শান্তি ঘোষণার ক্ষমতা কেবল নেতার:

তেহরানের এমপি হামিদ রাসাই বলেন, যুদ্ধ বা শান্তি ঘোষণার ক্ষমতা কেবলমাত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি-র হাতে। “ট্রাম্প বা অন্য কেউ যা-ই বলুক, বাস্তব সিদ্ধান্ত একমাত্র নেতৃত্ব নিতে পারে,” তিনি বলেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন