ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৬ ইসরায়েলি আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলজুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইরানের এই হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ হামলায় অন্তত ৮৬ জন ইসরায়েলি আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
দৈনিক ইসরায়েল হাইয়োমের প্রতিবেদন বলা হয়, ইরান অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেগুলো হাইফা, তেলআবিব ও ইসরাইলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।
চ্যানেল ১৪ নিশ্চিত করেছে, পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে আঘাত করেছে। যার মধ্যে তিনটি হাইফা অঞ্চলে এবং দুটি কেন্দ্রীয় ইসরাইলে পড়েছে।
চ্যানেল ১২ বলছে, হাইফায় “অস্বাভাবিক এক ঘটনা” ঘটেছে এবং সেখানে বহু বিস্ফোরণ হয়েছে।
এছাড়া সতর্কতা সংকেত বেজে উঠেছে উত্তর ও মধ্য ইসরাইলের বিভিন্ন স্থানে। বিশেষ করে হাইফা শহরে, যেখানে এর আগের হামলাগুলোর সময় কোনো আগাম সতর্কতা শোনা যায়নি।
এর আগে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় বলেছে, “এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনাসদস্য (হামলার) বৈধ টার্গেট।”
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় চলে গেছে। তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় সব ধরনের কাজ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ইসরায়েল তাদের আকাশসীমাও বন্ধ ঘোষণা করেছে।
