ট্রাম্পকে যত দ্রুত সম্ভব যুদ্ধের মাঠে চান নেতানিয়াহু
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন। কারণ নেতানিয়াহু চান, যত দ্রুত সম্ভব ট্রাম্প যেন এই যুদ্ধে যুক্ত হন। ইসরায়েলি দৈনিক হারেৎজের কলাম লেখক গিডিওন লেভি এমনটাই জানিয়েছেন।
আজ শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে লেভি বলেন, বর্তমানে দুই সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যিই এতদিন অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয়, তাহলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে।
লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করতে সক্ষম হয়, তবুও ইসরায়েলিরা নিজেদের আর নিরাপদ বোধ করবে না।
এই বিশ্লেষকের অভিমত, কোনকিছুরই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে। গাজার মতো ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যেগুলো শেষ হয়ে যাচ্ছে না।

