Logo
Logo
×

আন্তর্জাতিক

আরাকের ভারী পানি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:০১ পিএম

আরাকের ভারী পানি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ইসরায়েল ইরানের আরাক অঞ্চলে অবস্থিত ভারী পানি–সমৃদ্ধ পারমাণবিক রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। এই তথ্য বার্তা সংস্থা রয়টার্স তুলে ধরেছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী পারমাণবিক স্থাপনাটির আশপাশের বসতিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত ভারী পানি মূলত চুল্লি ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হলেও এর উপজাত হিসেবে প্লুটোনিয়াম উৎপন্ন হয়, যা পারমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহৃত হতে পারে।

২০১৫ সালে বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতায় ইরান আরাক পারমাণবিক স্থাপনাটির রিঅ্যাক্টরের নকশা পরিবর্তনে সম্মত হয়েছিল। ওই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক উদ্বেগ প্রশমনের চেষ্টা করা হয় বলে এপির প্রতিবেদন উল্লেখ করে।

ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত। এমনকি আরাকের রিঅ্যাক্টরের নতুন নকশা তৈরিতে ব্রিটেন সহায়তা করেছে। এপি জানিয়েছে, এই নতুন নকশার লক্ষ্য ছিল প্লুটোনিয়ামের উৎপাদন সীমিত করা।

পারমাণবিক চুক্তির আওতায় ইরান এক সময় পশ্চিমা দেশগুলোর কাছে ভারী পানি বিক্রি করতেও সম্মত হয়। এপি আরও জানায়, যুক্তরাষ্ট্র ওই সময় ইরানের কাছ থেকে প্রায় ৩২ টন ভারী পানি কিনেছিল, যার বিনিময়ে ৮০ লাখ মার্কিন ডলারেরও বেশি মূল্য পরিশোধ করা হয়।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরাকের ভারী পানি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বাহিনীটির দাবি, ওই স্থাপনায় এমন প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে উচ্চমাত্রার প্লুটোনিয়াম উৎপাদন সম্ভব, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী।

তথ্যসূত্র: রয়টার্স, এপি, আল–জাজিরা, বিবিসি.

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন