Logo
Logo
×

আন্তর্জাতিক

সবাইকে তেহরান ছাড়তে বললেন ট্রাম্প, চলমান যুদ্ধের মধ্যে আরও ভয়াবহ হামলার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:৫৭ এএম

সবাইকে তেহরান ছাড়তে বললেন ট্রাম্প, চলমান যুদ্ধের মধ্যে আরও ভয়াবহ হামলার আশঙ্কা

ইসরায়েলি হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন থেকে ধোঁয়া উঠছে। ছবি: এপি

“সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে!” — এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েল তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে লেখেন, “ইরান যদি সেই ‘চুক্তি’ স্বাক্ষর করতো, যেটা আমি বলেছিলাম, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এটা খুবই দুঃখজনক এবং মানবজীবনের অপচয়। সরাসরিভাবে বলছি, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না — আমি বারবার এটা বলে এসেছি। সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে।”

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে যখন আলোচনা চলছিল, তখন শুক্রবার ইসরায়েল হঠাৎ করে ইরানের ওপর সামরিক হামলা চালায়।

এই মুহূর্তে তেহরানে সময় প্রায় ভোর ৪টা পেরিয়েছে। শহরটির জনসংখ্যা প্রায় ৯০ লাখ।

ট্রাম্পের মন্তব্যের আগে ইসরায়েলি বাহিনী তেহরানের একটি বৃহৎ এলাকায় বসবাসরত মানুষদের উদ্দেশে সরাসরি সতর্ক বার্তা দেয়, যাতে বলা হয়, সেখানকার সামরিক স্থাপনায় বোমা হামলা আসন্ন। এই সতর্কতা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়, যেভাবে গত ২০ মাস ধরে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের উদ্দেশে নিয়মিত করা হয়ে আসছে।

এই সতর্ক বার্তা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিখাই আদরির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।

ইসরায়েল-ইরান সংঘাতের ধারায় এটি একটি নতুন পর্যায় নির্দেশ করছে। এই অভিযান শুরু হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা, পরমাণু স্থাপনা এবং সামরিক নেতৃত্ব কাঠামোয় হামলা দিয়ে। তবে এখন তা দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিচ্ছে, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেহরান শহর ও ইরানের জ্বালানি খাত।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন