ছবি: সংগৃহীত
ইরানে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন। দেশটির রেভল্যুশনারি গার্ড পরিচালিত নিউজ এজেন্সি ফার্সের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এই খবর দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি হিসাব অনুযায়ী হামলায় ৭০ জনেরও বেশি নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ শীর্ষক এই হামলা শুরু করে ইসরায়েল। এটি ইরানে এ পর্যন্ত চালানো সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। হামলায় অন্তত ২০০ যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়। এর মধ্যে পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল।
পরবর্তী সময়ে আরও একধাপে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান ও বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন বেশ কয়েকজন সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।
অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ধ্বংস করা। অপরদিকে, এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

