ভারতে বিমান বিধ্বস্ত : অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী
জীবিত উদ্ধার হওয়া রমেশ কুমার বিশ্বাস। ছবি: সংগৃহীত
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় অলৌকিকভাবে এক যাত্রী বেঁচে গেছেন। বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপের মধ্য থেকে এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
আজ বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়। জীবিত ওই যাত্রীর নাম রমেশ কুমার বিশ্বাস (৪০)। তিনি ব্রিটিশ-ভারতীয় নাগরিক। ভাইকে নিয়ে তিনি যুক্তরাজ্যে ফিরছিলেন।
এদিকে, বিমান বিধ্বস্তের খবর প্রকাশের পর পরই ধারণা করা হয়েছিল সব আরোহী প্রাণ হারিয়েছেন। বিধ্বস্তের ধরনের কারণে এই ধারণা করা হয়েছিল। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রাথমিকভাবে ধারণা করেছিল, সব যাত্রী নিহত হয়েছেন। তবে ঘটনাস্থল থেকে এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই যাত্রীর হাঁটার ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাদা গেঞ্জি ও গাঢ় রঙের প্যান্ট পরিহিত ধোঁয়া ও রক্তে মাখামাখি অবস্থায় ধীরে ধীরে হাঁটছেন। পায়ে সম্ভবত আঘাত, কারণ তার হাঁটায় ছিল স্পষ্ট খোঁড়ার ছাপ। পুলিশ জানিয়েছে, ওই যাত্রী বিমানটির ১১এ সিটে বসা ছিলেন।
আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক বলেন, ‘আমরা একজন জীবিত যাত্রীকে উদ্ধার করেছি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, আজ গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৬৯ ভারতের, ৫৩ জন যুক্তরাজ্যের, সাতজন পর্তুগালের এবং একজন কানাডার নাগরিক ছিল।

