ভারতের ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম
ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমানবন্দরের পাশে ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
সূত্র জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল এবং এতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইকে পরিচালিত এআই১৭১ বিমানটি দুর্ঘটনায় পড়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে। আশপাশে দুই ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। কোনো কোনো অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি দেশটির পুলিশ। তারা জানিয়েছে, বিমানবন্দরের কাছের একটি বেসামরিক এলাকায় এটি বিধ্বস্ত হয়েছে।
