Logo
Logo
×

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসকে ‘পরীক্ষামূলক ক্ষেত্র’ হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার: মেয়র ক্যারেন বাসের অভিযোগ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৪১ এএম

লস অ্যাঞ্জেলেসকে ‘পরীক্ষামূলক ক্ষেত্র’ হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার: মেয়র ক্যারেন বাসের অভিযোগ

অভিবাসনবিরোধী অভিযান ও জাতীয় রক্ষী মোতায়েন ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে শহরটির মেয়র ক্যারেন বাস কড়া ভাষায় অভিযোগ করেছেন, "লস অ্যাঞ্জেলেসকে এখন কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা তুলে নেওয়ার একটি পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।"

রবিবার এক সংবাদ সম্মেলনে মেয়র বাস বলেন, “এটি একটি নিরীক্ষা। এখানে যাচাই করা হচ্ছে, কী ঘটে যখন ফেডারেল সরকার রাজ্য বা স্থানীয় প্রশাসনের ক্ষমতা কেড়ে নেয়। আমাদের শহরকে এই ধরনের পরীক্ষার জন্য ব্যবহার করা উচিত নয়।”

তিনি প্রশ্ন তোলেন, “আপনারা কি জানেন, ন্যাশনাল গার্ডরা কী করছে? তারা মাত্র দুটি ভবনের পাহারা দিচ্ছে... তার জন্য কি আবার মেরিন সেনা দরকার?”

তিনি এও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের আগেই তাদের ‘শান্তি ফিরিয়ে আনার’ জন্য অভিনন্দন জানান, যা বাস্তবতা বিবর্জিত।

মেয়র বাস বলেন, শহরটিতে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল যতক্ষণ না অভিবাসন সংস্থা ICE হঠাৎ করে অভিযান চালানো শুরু করে। তিনি সরাসরি বলেন, “এই অস্থিরতার উৎস ওয়াশিংটন ডিসি। এসব অভিযান মোটেই যৌক্তিক ছিল না। কিছুই ঘটছিল না, কিন্তু তবুও এই অভিযান চালানো হলো।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখন এমন এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে বৈধ অভিবাসীরাও আতঙ্কিত। আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে বলতে চাই—এখন লস অ্যাঞ্জেলেসের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা জানেন না, পরদিন সকালে অভিযান হবে কি না, বাড়িতে, কর্মস্থলে বা স্কুলে।”

মেয়র বাস উদাহরণ দিয়ে বলেন, “আপনি হয়তো প্রতিবছরের নির্ধারিত সময়ে আইসিতে চেক-ইন করতে গেলেন, এবং সেখান থেকেই আপনাকে আটক করা হলো—আপনি বৈধ হয়েও! এর অর্থ হলো, মানুষ এখন আর নিয়মিত চেক-ইনেও যাবে না, ফলে তারা আইনগত অবস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন।”

তিনি বলেন, “আমরা অভিবাসীদের শহর, সবসময় তাদেরকে বরণ করে নিয়েছি। কিন্তু এই মুহূর্তে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও ভয়াবহ বিশৃঙ্খলার জন্ম দিচ্ছে।”

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন