ইউক্রেন সীমান্তসংলগ্ন রাশিয়ার একটি মহাসড়কের সেতু ভেঙে পড়ে রেললাইনের ওপর। এতে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, ব্রিয়ানস্ক অঞ্চলের ওই সেতু ভেঙে পড়ার সময় ভারী মালবাহী কয়েকটি ট্রাক একটি যাত্রীবাহী ট্রেনের ওপর এসে পড়ে। এতে আরও অন্তত ৩১ জন আহত হন।
রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, দমকলকর্মী ও উদ্ধারকারীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের অভ্যন্তরে যাত্রীদের সন্ধানে কাজ করছেন।
মস্কো রেলওয়ে তাদের টেলিগ্রাম বার্তায় দাবি করেছে, কোনও অবৈধ হস্তক্ষেপের কারণে সেতুটি ভেঙে পড়েছে।
ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, “দুঃখজনকভাবে সাতজন মারা গেছেন। আহতদের মধ্যে একজন শিশু সহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।” আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্রিয়ানস্কের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মস্কোর আঞ্চলিক পরিবহন প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, শনিবার সন্ধ্যার দিকে সড়কসেতুটি ভেঙে ট্রেনের উপর পড়ে যাওয়ার পর ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থলের ছবিগুলোতে দেখা গেছে, রাতের আঁধারে ছিন্নভিন্ন কামরা এবং ধ্বংসস্তূপের ভেতর যাত্রীরা একে অপরকে সহযোগিতা করছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, অতিরিক্ত উদ্ধারকর্মী মোতায়েনের পাশাপাশি রাতের জন্য আলো ও উদ্ধার সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনটি ক্লিমোভো থেকে রাজধানী মস্কোর উদ্দেশে যাত্রা করেছিল, কিন্তু ভাইগোনিচস্কি জেলা অতিক্রমকালে সেতু ধসে দুর্ঘটনা ঘটে।
উল্লেখযোগ্য যে, এই এলাকা ইউক্রেন সীমান্ত থেকে আনুমানিক ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। মস্কো রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে একটি নিকটবর্তী স্টেশনে পৌঁছানো হয়েছে।
"ব্রিয়ানস্ক থেকে রাজধানীর পথে যাত্রা পুনরায় চালু রাখতে যাত্রীদের জন্য একটি বিকল্প রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।"

