৪৮ ঘণ্টায় গাজায় ক্ষুধায় মারা যেতে পারে ১৪ হাজার শিশু: জাতিসংঘ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:০৯ পিএম
বিধ্বস্ত ভূখণ্ড গাজায় গত প্রায় দেড় মাস ধরে কোনো ত্রাণসহায়তা প্রবেশ করতে দেয়নি দখলদার ইসরায়েল। ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষ ও অনাহারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় পর্যাপ্ত ত্রাণ না প্রবেশ করলে ১৪ হাজার শিশু মারা যেতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছেন, সোমবার গাজায় পাঁচটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এটি ‘সমুদ্রের এক ফোঁটা পানির’ মতো। ত্রাণবাহী লরিগুলো গাজায় ঢুকলেও সেগুলো সীমান্তের ওপারেই আছে, এখনো ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছায়নি।
ফ্লেচার জানিয়েছেন, ট্রাকগুলোতে ‘শিশুদের খাবার ও পুষ্টিসামগ্রী’ রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ না পৌঁছালে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।
এর আগে, গত রোববার ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করে, যা ১১ সপ্তাহের অবরোধের সমাপ্তি ঘটায়। ইসরায়েল জানায়, অবরোধের উদ্দেশ্য ছিল হামাসের ওপর চাপ সৃষ্টি করা।
