Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা: দুই দেশে স্কুল-বিমানবন্দর বন্ধ, প্রাণহানি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:৩৩ এএম

ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা: দুই দেশে স্কুল-বিমানবন্দর বন্ধ, প্রাণহানি

দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ভয়াবহ সংঘাতের রূপ নিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ বেধে গেল। সীমান্ত এলাকায় গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই দেশেই বেসামরিক প্রাণহানি ঘটেছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ ও বিমান চলাচল।

পাকিস্তানে হামলা: ভারতের দাবি ও পাল্টা প্রতিক্রিয়া

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৬ এপ্রিল পহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নিতে মধ্যরাতে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনা মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে পাঞ্জাবের আহমেদপুর শারকিয়া, শিয়ালকোট, মুরিদকে, শকরগড় এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদ।

আহমেদপুরে একটি মসজিদে হামলায় ৫ জন নিহত এবং অন্তত ৩১ জন আহত হয়েছেন। মুজফ্ফরাবাদ ও কোটলিতে হামলায় শিশুসহ বেসামরিক হতাহতের খবর মিলেছে।

পাকিস্তানের পাল্টা হামলা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ভারতীয় সেনাবাহিনীর দাবি, ভিম্বর গলি অঞ্চলে পাকিস্তান কামান হামলা চালিয়েছে, এতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় দুটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

পরিস্থিতির উত্তপ্ত আবহে পাকিস্তানের ইসলামাবাদ ও পাঞ্জাবে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিমান চলাচল স্থগিত করেছে পাকিস্তান। ভারতের অমৃতসর, শ্রীনগর, লেহসহ বিভিন্ন শহরের বিমানও বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক উদ্বেগ ও কূটনৈতিক প্রতিক্রিয়া

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের আগ্রাসনের অভিযোগ জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং শান্তিপূর্ণ সমাধানে দুই দেশের সাথেই সংলাপ চালিয়ে যাচ্ছি।”

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটা লজ্জাজনক ও বিপজ্জনক। আশা করি খুব দ্রুত এই সংঘাতের অবসান হবে।”

বিশ্লেষণ: রাজনীতির আড়ালে সামরিক ঝুঁকি

বিবিসি দক্ষিণ এশিয়ার সম্পাদক আনবারাসান এথিরাজন বলেন, “দুই দেশই নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এই সামরিক ঝুঁকি নিচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণরেখা ঘিরে সামরিক উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধের দিকে গড়াতে পারে।”


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন