গাজায় হামলা বন্ধ নিয়ে নতুন ঘোষণা ইসরায়েলের
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের দক্ষিণ গাজার কিছু এলাকায় প্রতিদিন কয়েক ঘণ্টা হামলা বন্ধ (টেকটিক্যাল পজ) রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তার পরিমাণ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। আজ রোববার (১৬ জুন) বার্তা সংস্থা রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর দিয়েছে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ-আ-দিন সড়ক এবং খান ইউনিসগামী সড়ক এলাকায় হামলা বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে।
ইসরায়েল বলছে, যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও তাদের শাখা কোগট যে মানবিক সহায়তা প্রচেষ্টা করে আসছে তার সংযোজক হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল শনিবার (১৫ জুন) থেকে এই পদক্ষেপ কার্যকর করা শুরু হয়েছে।
এদিকে, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, ইসরায়েল ও গাজার চলমান যুদ্ধের কারণে অপুষ্টিতে ভুগছে ৮ হাজারেরও বেশি শিশু।
গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় পাঁচ বছরের কম বয়সী আট হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
গাজা সরকারের দেয়া তথ্য অনুযায়ী, প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলিদের হামলায় ১৫ হাজার ৬৯৪ শিশুর মৃত্যু এবং ১৭ হাজার শিশু বাবা-মা হারা হয়েছে।

