Logo
Logo
×

আন্তর্জাতিক

মিয়ানমারের জান্তাকে ৬ টহল নৌযান দিল চীন

রাখাইনে হামলায় শক্তি যোগানোর অভিযোগ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১১:০০ পিএম

মিয়ানমারের জান্তাকে ৬ টহল নৌযান দিল চীন

ছবি: সংগৃহীত

মিয়ানমারকে ছয়টি টহল নৌযান (পেট্রল বোট) দিয়েছে চীন। মিয়ানমারস্থ চীনা দূতাবাস জানিয়েছে, দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন হাই মঙ্গলবার (১১ জুন) উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল নি লিন অং-এর কাছে টহল নৌযানগুলো হস্তান্তর করেছেন। 

চীনা দূতাবাস গতকাল বুধবার (১২ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, চীন মিয়ানমারের সামরিক জান্তাকে ছয়টি টহল নৌযান দিয়েছে। ২০২০ সালে চীন সরকার তৎকালীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করতেই নৌযানগুলো সরবরাহ করা হয়েছে।

থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমারের সাংবাদিকদের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে জান্তা সরকারের। উপকূলীয় এলাকার শহর ও গ্রামগুলোতে যখন জান্তা বোমাবর্ষণে নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই চীন মিয়ানমারের জান্তা সরকারকে ছয়টি টহল নৌযান দিয়েছে।

তবে চীনা দূতাবাস বলেছে, এগুলো মাদক পাচার, মানব পাচার এবং সাগরে বিভিন্ন ধরনের উদ্ধার অভিযান পরিচালনায় ব্যবহৃত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারের সাবেক এক সেনা কর্মকর্তা রেডিও ফ্রি এশিয়াকে বলেছেন, জান্তা বাহিনী এই পেট্রল বোটগুলো রাখাইন রাজ্যে নৌ-সামরিক অভিযানের জন্যও ব্যবহার করতে পারে। এই নৌযানগুলো একটু পরিবর্তন করা হলে অস্ত্র বসানো যাবে।

মিয়ানমারের অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সরকার ২০১৮ সালে চীনের কাছে এই পেট্রল বোটগুলো দেওয়ার অনুরোধ জানিয়েছিল। চীনা দূতাবাসের তথ্য অনুসারে, এই বোটগুলোর মধ্যে চারটি ১৫৭ ফুট লম্বা এবং বাকি দুটি ৯১ ফুট লম্বা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন