তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই হাসিনার সঙ্গে বৈঠক করলেন মোদি
বাংলা আউটলুক ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া নরেন্দ্র মোদি। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠকের খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশে একই সরকারের ধারাবাহিকতা থাকায় পারস্পারিক সম্পর্কের মাত্রা আরও দৃঢ় হবে। যার মাধ্যমে উপকৃত হবে উভয় দেশের মানুষ।
এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরই নরেন্দ্র মোদির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের দেওয়া নৈশভোজে যোগ দেন নরেন্দ্র মোদি।
এদিকে ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনা জানান, এক্ষেত্রে ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি ভারতের নজরে আনা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এছাড়াও শেখ হাসিনা বর্ষীয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ছাড়াও; সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন।
