ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক হলেন ৩২ বছর বয়সী প্রকৌশলী
‘আমি আগে একজন ওড়িয়া, এক জন ভারতীয় এবং একজন মহিলা। চাকরি করার সময়ও মহিলাদের উন্নয়নের কথা ভেবেছি। নিজেকে মুসলিম রাজনীতিক হিসাবে কখনও ভাবিনি।’ সোফিয়া ফেরদৌস এভাবেই তার তার প্রতিক্রিয়া জানালেন।
যদিও রাজনীতি তার কাছে নতুন নয়। তার বাবা মহম্মদ মোকিম প্রবীণ কংগ্রেস নেতা। ২০১৪ ও ২০১৯ সালের ভোটে বাবার হয়ে প্রচার করেছিলেন তিনি। ২০২৪ সালের বিধানসভা (প্রাদেশিক আইনসভা) ভোটে মোকিমের বদলে সোফিয়াকে টিকিট দেয় কংগ্রেস।
বারাবতী-কটক আসনে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে ৮০০১ ভোটে হারিয়েছেন সোফিয়া।
তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বাবা লড়তে পারবেন না জেনে আমাদের বাড়িতে জড়ো হয়েছিলেন প্রায় ৫০০ সমর্থক। তাদের অনুরোধেই আমি রাজি হই।’
সোফিয়া কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ২০২২ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) থেকে একজিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম পাশ করেন। ২০২৩ সালে কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখার সভাপতি নির্বাচিত হন সোফিয়া। এই সংগঠনের মহিলা শাখারও প্রধান ছিলেন তিনি।
নির্বাচনের আগে বাবার সংস্থা ‘মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেডে’ ছিলেন।
সিআইআই- ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের ভুবনেশ্বর বিভাগের কো-চেয়ারপার্সনও তিনি।
তার স্বামী মিরাজ উল হক বিশিষ্ট শিল্পপতি।
সোফিয়া বলেছেন, ভোটের আগে এক মাস সময় পেয়েছিলেন। সেই সময়ই মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন।
বারাবতী-কটক আসনে মশার সমস্যাকে প্রাচের হাতিয়ার করে তোলেন সোফিয়া। আক্রমণ করেন ওড়িশার প্রাক্তন শাসকদল বিজেডিকে। তাতেই সাফল্য।

