তিন দিক থেকে ইসরায়েলের হামলা
গাজায় একদিনে নিহত ২১০, রাস্তায় পড়ে আছে অসংখ্য লাশ
ছবি: আল-জাজিরা
পুরো গাজা উপত্যকাজুড়ে ব্যাপক স্থল, নৌ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ভয়াবহ এই হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনো রাস্তায় ‘অসংখ্য’ নিহত ও আহত মানুষ পড়ে আছে। অন্যদের গাজার আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। এই হামলার তীব্রতা দেখে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাস্তুচ্যুত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ শনিবার (৮ জুন) দখলকৃত গাজা উপত্যকাজুড়ে লাগাতার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বিশেষ করে মধ্য গাজার রাফাহ শহরের পশ্চিমের ডেইর-এল-বালাহ ও নুসেইরাত এবং উত্তর গাজা শহরের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বড় ধরনের হতাহতের সাক্ষী হলো আল-আকসা হাসপাতাল। নিহত ও আহতদের হাসপাতালটিতে আনা হয়েছে। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, কয়েক ডজন আহত ব্যক্তি হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যকর্মীরা তাদের কাছে থাকা মৌলিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। কারণ হাসপাতালটিতে ওষুধ ও খাবারের ভয়ঙ্কর রকমের ঘাটতি রয়েছে। এছাড়া জ্বালানির অভাবে হাসপাতালের প্রধান জেনারেটর বন্ধ হয়ে আছে।
এদিকে গাজা সরকারের মিডিয়া অফিস থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, মধ্য গাজার নুসেইরাত ও অন্যান্য অংশে ইসরায়েলি হামলায় ২১০ জন নিহত হয়েছেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, হামলায় নিহত ‘অসংখ্য’ লাশ এবং আহত ব্যক্তি এখনো রাস্তায় পড়ে আছেন।
ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এর ডাক্তার তানিয়া হাজ-হাসান বলেন, গাজার প্রধান হাসপাতাল হিসেবে কাজ করার মতো সক্ষমতা আল-আকসা হাসপাতালের নেই। গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্য প্রতিটি হাসপাতাল ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের এক সহকর্মীকে উদ্ধৃত করে তিনি বলেন, সেখানে সম্পূর্ণরূপে গণহত্যা চলছে। জরুরি বিভাগ থেকে পাঠানো ভিডিও ফুটেজে সব জায়গায় রক্ত দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
অপরদিকে, গত ৭ অক্টোবর ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভাল থেকে গাজায় জিম্মি করে নেওয়া চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ)। তারা হলেন, নোয়া আরগামানি, আলমগ মেইর জান, আন্দ্রেই কোজলভ এবং শ্লোমি জিভ।
আইডিএফ জানায়, মধ্য গাজার নুসেইরাতের দুটি পৃথক এলাকায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। তারা শারীরিকভাবে সুস্থ আছেন, তবে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের ইসরায়েলের হাসপাতালে নেওয়া হয়েছে।

