ভোট গণনা চলছে : উত্তরপ্রদেশে বড় ধাক্কার মুখে বিজেপি
ছবি: সংগৃহীত
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার ( ৪ জুন) স্থানীয় সময় ৮টার দিকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার দিনে সবচেয়ে শকিং ট্রেন্ড যদি বাছাই করা হয়, তবে উত্তরপ্রদেশ শীর্ষে থাকবে। প্রায় চার ঘণ্টা ভোট গণনা শেষে বিজেপির এই ঘাঁটিতে বিরোধী ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, বিজেপি জোট এনডিএ থেকে বিরোধী জোট ইন্ডিয়া খানিকটা এগিয়েও আছে। অথচ গত দুটি জাতীয় নির্বাচনে এই প্রদেশে একচেটিয়া জয় পেয়েছে বিজেপি। খবর এনডিটিভির।
উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার সেখানে ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এই প্রদেশে ৮০টি আসনের মধ্যে ৪১টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে।
গত ১৬ মার্চ লোকসভা ভোটের সূচি প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ১৯ এপ্রিল। সেই থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দফায় ভারতের ৫৪৩ লোকসভার আসনে ভোট নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৫ কোটি ভারতীয় ভোটার ভোট দিয়েছেন।
এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী্য ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদীর সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।
গত শনিবার নির্বাচন শেষ হওয়ার পর বিভিন্ন ভোট ফেরত জরিপে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ৫৪৩টি লোকসভার আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলা হয়েছে। এমনকি ২০১৯ সালের মতো ৩০৩টির চেয়ে বেশি আসন একাই পেতে পারে বিজেপি।

