ছবি: সংগৃহীত
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এর আদর্শিক মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)—দুটি সংগঠনই নিজেদের আলাদা বলছে। পাশাপাশি আরএসএসকে সাংস্কৃতি সংগঠন হিসেবে এবং বিজেপি থেকে সম্পূর্ণ আলাদা সত্তা হিসেবে উপস্থাপনে সংগঠন দুটি নিজ নিজ অবস্থান থেকে জোর চেষ্টা চালাচ্ছে।
বিজেপি কেন্দ্রী সভাপতি জে পি নাড্ডার সম্প্রতিক একটি সাক্ষাৎকার ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি খুব করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, আরএসএস একটি অরাজনৈতিক সংগঠন যা বিজেপি থেকে আলাদা। নাড্ডা বলেন, আরএসএস হলো সাংস্কৃতিক সংগঠন। আর আমরা হলাম রাজনৈতিক সংগঠন। তিনি আরও যোগ করেন, সামাজিক-সাংস্কৃতিক ইস্যুতে কাজ করার শতবছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আরএসএসের।
আরএসএস এবং বিজেপির করা কাজে স্বাতন্ত্রিক বৈশিষ্ট তুলে ধরতে নাড্ডা উল্লেখ করেন, তাদের কাজের ক্ষেত্র খুব পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত। তারা তাদের আদর্শিক কাজ করে, আমরা আমাদের। সংগঠন হিসেবে ধীরে ধীরে বিজেপির পরিসর বেড়েছে এবং নিজের ক্ষমতা দিয়েই এটি নিজের কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে নাড্ডা বলেন, আমরা আমাদের নিজের বিষয়গুলো নিজস্বভাবে পরিচালনা করেছি। এসব কথার সারমর্ম হলো, বিজেপিপ্রধান এটা বুঝাতে চেয়েছেন বিজেপির রাজনৈতিক কাজে আরএসএস জড়িত নয়।
এর কয়েকদিন পরে বিজেপির সাবেক মুখপাত্র এবং আরএসএসের নির্বাহী সদস্য রাম মাধব এক নিবন্ধে আরএসএস যে অরাজনৈতিক সংগঠন তা আবারও পুনর্ব্যক্ত করেন। তিনি লিখেন, আরএসএস রাজনীতি নয়, ‘জাতি নির্মাণের কাজে’ মনোযোগী। আবার এও উল্লেখ করেছেন, তবে ১৯৭৭ এবং ২০১৪ সালে ভারতের সাধারণ নির্বাচনে আরএসএস মনে করেছিল রাজনৈতিক দলের প্রচারণায় তার জড়ানো প্রয়োজন। আরএসএস সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকে।
এই দুই নেতা এখন যা বলেছেন তা আরএসএস এবং বিজেপি যে আগেও দাবি করেনি এমন নয়। আরএসএস সব সময় বলে আসছে, এটি সাংস্কৃতিক সংগঠন, এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং সক্রিয় রাজনীতি করার উদ্দেশ্যও নেই। বিজেপির নির্বাচনী প্রচার বা বিজেপির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ বা বিজেপির রাজনীতির সঙ্গে আরএসসের কোনো রকমের সংশ্লিষ্টতা আছে বলে সংগঠনটি অস্বীকার করে। দেরিতে হলেও আরএসএস এবং বিজেপির নেতারা এই বার্তাটি স্পষ্ট এবং পরিষ্কারভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে মনে হচ্ছে।
‘শ্যাডো আর্মিস : ফ্রিঙ্গে অগানাইজেশন অ্যান্ড ফুট সোলজার অব হিন্দুত্ব’ বইয়ের লেখব ধীরেন্দ্র কে ঝা দ্য ডিপ্লোম্যাটকে বলেন, চলতি সাধারণ নির্বাচনে প্রচার চালাকালে বিজেপি এবং আরএসএস নেতারা খুব করে চাচ্ছেন মানুষ বিশ্বাস করুক আএসএস একটি অরাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন যার সঙ্গে বিজেপির নির্বাচনী প্রচার প্রচেষ্টা বা দলটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই।
স্বতন্ত্র চরিত্র গঠন এবং ‘শৃঙ্খলা ও সামাজিক চেতনা’ প্রতিষ্ঠার মাধ্যমে ‘পুরো হিন্দু সমাজকে সংগঠিত’ করতে ১৯২৫ সালে আরএসএস প্রতিষ্ঠিত হয়। আরএসএস হলো সংঘ পরিবারের (আক্ষরিক অর্থে আরএসএস পরিবার) মূল সংগঠন। যা অনেকগুলো ছোট ছোট সংগঠনের একটি গোষ্ঠী। এই গোষ্ঠীতে আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি), ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) ইত্যাদি অন্তর্ভুক্ত।
যদিও প্রাথমিকভা এই সংগঠনগুলো স্পষ্টতই আলাদা আলাদা কাজ করে। যেমন উদাহরণ হিসেবে বিজেপিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং ক্ষমতা অর্জনের জন্য রাজনৈতিক দল হিসেবে তৈরি করা হয়েছে। বিএমএস এবং এবিভিপি যথাক্রমে কর্মী ও ছাত্রদের সংগঠিত করে এবং লক্ষ্য অর্জনে একযোগে কাজ করে। একইভাবে এই পরিবারের সব সংগঠন থেকে কর্মীরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসে এবং ২০০২ সালে গুজরাটে মুসলিম বিরোধী গণহত্যায় অংশগ্রহণ করেছিল।
ধীরেন্দ্র এই পরিবারকে ‘একটি বহুমুখী দানবাকৃতির’ সংস্থা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে শুধু কেউ নেতৃত্বের পর্যায়ে (বিভিন্ন উপাদান সংগঠনের মধ্যে) পার্থক্য করতে পারে; মূল অংশ একই।
ধীরেন্দ্র বলেন, নির্বাচনের সময় সমগ্র পরিবার, আরএসএসসহ নিজেকে একটি বিশাল নির্বাচনী যন্ত্রে পরিণত করে। আরএসএসের শৃঙ্খলাবদ্ধ এবং অত্যন্ত অসহিষ্ণু ক্যাডাররা বিজেপির জন্য রক্ষাকারী ঢাল হয়ে কাজ করে। ফলে তারা ভোটগ্রহণের বুথ থেকে শুরু করে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য ধর্মীয় মেরুকরণ ইস্যুগুলিকেও সামনে নিয়ে আসে।
ধীরেন্দ্র’র মতে, বিজেপিতে জ্যেষ্ঠ আরএসএস সদস্যদের একটি নেটওয়ার্ক মূল সংগঠনের প্রতিনিধি হিসেবে কাজ করে। এই নেটওয়ার্ক যে কোনো বড় সমস্যায় পার্টির দৃষ্টিভঙ্গির উপর নজরদারি, নির্দেশনা এবং পরামর্শ দেয়।
রাজনৈতিক কার্যকলাপে জড়িতের বিষয়টি আরএসএস অস্বীকার করে। বেঙ্গালুরুতে আরএসএসের এক প্রচারক দ্য ডিপ্লোম্যাটের কাছে অবশ্য নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আর এই অংশগ্রহণের লক্ষ্য হল ‘সাংস্কৃতিক মূল্যবোধ এবং সামাজিক সমস্যা যা আমাদের সমাজকে জর্জরিত করে’ সে সম্পর্কে ‘ভোটারদের সংবেদনশীল’ করে তোলা।
তিনি বলেন, ‘আমরা রাম মন্দির নির্মাণের মতো 'সাংস্কৃতিক' বিষয় নিয়ে আলোচনা করি। ’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, মসজিদ ভেঙে ফেলা এবং পরবর্তীতে অযোধ্যায় মন্দির তৈরি করা ‘সাংস্কৃতিক বিষয়।’
তিনি বলেন, ‘আরএসএস কর্মীরা বিজেপিসহ কোনো দলের পক্ষে ভোট চান না। আমরা এমন একটি সরকার থাকার গুরুত্বের কথা বলি যেটি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করে।’
আরএসএস কেন রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কথা অস্বীকার করে? কেন এটা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সামনে রাখার জন্য উদ্বিগ্ন? কারণগুলি জানতে হলে ১৯৪৮-৪৯ সালের ঘটনাগুলিতে ফিরে তাকাতে হবে।
১৯৪৮ সালের জানুয়ারিতে আরএসএস কর্মী মহাত্মা গান্ধীকে হত্যার পর কেন্দ্রীয় সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করে। ধীরেন্দ্র কে ঝা’র মতে, আরএসএস ওই ‘নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে মরিয়া’ ছিল। তাই সংগঠনটি তখন শুধু সাংস্কৃতিক সংগঠন হিসেবে কাজ করার এবং রাজনীতিতে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। আরএসএসের সংবিধানে বিশেষভাবে এটি অনুচ্ছেদ ৪-এ উল্লেখও আছে। যেখানে বলা হয়েছে- ‘সঙ্ঘের কোনো রাজনীতি নেই এবং এটি সম্পূর্ণরূপে সাংস্কৃতিক কাজে নিবেদিত।’
কথিত এই ‘সাংস্কৃতিক কাজের’ বাইরে এর কাজ প্রসারিত করা শুধুমাত্র আরএসএসকে তার নিজস্ব সংবিধান লঙ্ঘন বলেই মনে হবে না, আইনিভাবে এটি আরএসএসকে ‘খুব দুর্বল জায়গায় নিয়ে যাবে—উল্লেখ করেন ঝা। এটি এমনকি শাসন ব্যবস্থার পরিবর্তন হলে কিছু ক্ষেত্রে ‘সরকারি পদক্ষেপকে প্রভাবিত করতে পারে’।
ধীরেন্দ্র কে ঝা’র মতে, ঐতিহ্যগতভাবে আরএসএস নেতৃত্ব ‘বিজেপির সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে অস্পষ্টতা’ বজায় রেখেছে, যা এটিকে ‘একটি অরাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন হিসেবে চিত্রিত করতে সাহায্য করছে।
গত এক দশক ধরে বিজেপি সম্পর্কের এই অস্পষ্টতা নিয়ে দেশ শাসন করছে এবং আরএসএসকে ‘নিরাপত্তা’ দিয়েছে। তবে এখন সেই নিরাপত্তা কমেছে। নিরাপত্তা কমার সঙ্গে সঙ্গে আরএসএসের ভেতরের রাজনৈতিক মিথ্যাটি উন্মোচিত হয়েছে। যা গোষ্ঠীটিকে বিরোধীদের আক্রমণ এবং সরকারি পদক্ষেপের জন্য দুর্বল করে তুলেছে বলে মনে করেন ধীরেন্দ্র ঝা।
ভারতের চলতি সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে এবং টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে। তবে বিরোধী ইন্ডিয়া ব্লকের ক্ষমতায় আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বক্তব্যে প্রায়শই বিজেপিকে আরএসএসের সমতুল্য বলে থাকেন এবং ইন্ডিয়া ব্লকের বেশ কয়েকজন রাজনীতিবিদ ক্ষমতায় আসলে আরএসএসকে নিষিদ্ধ করার বিরোধিতা করবেন বলেও মনে হয় না। আর সরকারি এই পদক্ষেপের সম্ভাবনাই আরএসএসকে অস্থির করে তুলেছে।
ধীরেদ্র ঝা’র মতে, নাড্ডা এবং মাধবের পুরো বক্তব্যের মূল লক্ষ্য হলো আরএসএস-বিজেপি সম্পর্কের অস্পষ্টতার উপর পুনরায় জোর দিয়ে আরএসএস রক্ষায় ‘নিরাপত্তা ব্যবস্থা’ পুনরুদ্ধার করা।
কেউ কেউ আরএসএসকে বিজেপি থেকে আলাদা করার জন্য নাড্ডার মন্তব্যকে ‘আরএসএস থেকে বিজেপির স্বাধীনতার ভার্চুয়াল ঘোষণা’ হিসেবে ব্যাখ্যা করছেন। এটি এমন এক সার্বজনীন ঘোষণা যার মাধ্যমে বিজেপি বুঝাতে চাইছে তার আর তাকে প্রতিষ্ঠিত করা গুরুর হাত ধরার কোনো প্রয়োজন নেই। এই ধরনের ব্যাখ্যাই মূলত আরএসএস এবং বিজেপির মধ্যে ফাটল নিয়ে জল্পনার জন্ম দেয়।
যদিও আরএসএস এবং বিজেপির মধ্যে মতপার্থক্য আছে এবং মোদির সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের সম্পর্ক টানাপোড়েনে আছে, তবুও এটা স্পষ্ট যে এই পরিবার ভাঙনের দিকে যাচ্ছে না। প্রকৃতপক্ষে বিজেপি এবং আরএসএস নেতারা যেভাবে আরএসএসকে ‘নিরাপত্তা’ দিতে পদক্ষেপ নিয়েছেন তাতে বোঝা যায় তারা এখনো এক পরিবারই আছে।
সুধা রামচন্দ্রন, দ্য ডিপ্লোম্যাটের দক্ষিণ এশিয়া সম্পাদক। ইংরেজি থেকে ভাষান্তরিত।
