কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় হবে। ইন্ডিয়িা জোট পাবে ২৯৫টি আসন।আর তারাই সরকার গঠন করবে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। শনিবার (১ জুন) সপ্তম পর্বের ভোটগ্রহণের পর ইন্ডিয়া জোটের সহযোগী দলগুলোর মধ্যে বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এ দাবি করেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের দিল্লির বাড়িতে বিজেপি বিরোধী জোটের নেতাদের এই বৈঠক হয়। বৈঠকে আশঙ্কা করা হয়, বিজেপি ভোটগণনা নিয়ে কারচুপির আশ্রয় নিতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে রোববার ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এ বৈঠকে কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল, প্রিয়ঙ্কার পাশাপাশি এনসিপি (শরদ) সভাপতি শরদ পওয়ার, আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জেএমএম নেত্রী কল্পনা সোরেনের মতো জোটের প্রথম সারির নেতানেত্রীরা হাজির ছিলেন। ডিএমকের তরফে ছিলেন টিআর বালু। তবে তৃণমূলের কোনো প্রতিনিধি বৈঠকে যাননি।
কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, লোকসভা ভোটে আসন জয়ের বিষয়ে কোনো দলের কাছে কী ‘তথ্য’ রয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে শনিবারের বৈঠকে। সেই সঙ্গে আলোচ্য বিষয় ছিল ৪ জুনের ভোটগণনার দিনের প্রস্তুতি।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়্গে বলেন, ‘‘জোটের সব নেতার সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা যে তথ্য পেয়েছি, তা থেকে নিশ্চিত ভাবে বলতে পারি তাদের জোট কম করে ২৯৫টি আসনে জিতবে। এর চেয়ে কম হবে না, বরং বেশিই হবে।’’ ভোটগণনা নিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে রোববার জোট প্রতিনিধিরা নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন বলেও জানান তিনি।
বৈঠকে টিভি চ্যানেলে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত বিতর্কে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা কোনো টিভি চ্যানেলে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত বিতর্কে অংশ নেবেন না। এর কারণ হিসেবে বলা হয়েছিল, ভোটদাতারা তাঁদের ভোট দিয়েছেন এবং তাঁদের রায় নিশ্চিত হয়েছে। গণনার ফল প্রকাশিত হবে ৪ জুন। তার আগে, আমরা টিভি চ্যানেলের টিআরপির জন্য জল্পনা-কল্পনা এবং দ্বৈরথে লিপ্ত হওয়ার কোনও কারণ দেখছি না। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস বুথফেরত সমীক্ষা নিয়ে কোনও বিতর্কে অংশ নেবে না।
এদিকে বুথ ফেরত জরিপে (এক্সিট পোল) বলা হচ্ছে ভারতে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। সব কয়টি জরিপে এগিয়ে রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ)।
নির্বাচনীয় প্রচারে বিজেপি বলেছিল তারা ৩৭০ আসন পাবে। আর তাদের জোট এনডিএ ৪০০টির বেশি আস পাবে। তবে জরিপে বলা হচ্ছে, তারা ৩৭০ আসনের কম পাবে। আর তাদের জোটও ৪০০ আসনের কম পাবে। এদিকে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে যে আসনের প্রত্যাশা করেছিল তারা তার থেকে অনেক কম পাবে। তারা সর্বোচ্চ ১৪২টি আসন পেতে পারে। আর এনডিএ পেতে পারে ৩৬৫টি আসন। এমনটি বলা হচ্ছে জরিপে।
