ভারতের লোকসভা নির্বাচন
বুথ ফেরত জরিপে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি
ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ সপ্তম দফার ভোট গ্রহণ আজ শনিবার (১ জুন) শেষ হয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। এরমধ্যে প্রকাশ করা হচ্ছে বুথ ফেরত জরিপ (এক্সিট পোল)। শনিবার সন্ধ্যায় প্রকাশিত ৫টি বুথ ফেরত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। সব কয়টি জরিপে এগিয়ে রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ)।
এই জরিপের ফলাফল প্রায় সময় সঠিক হয়। আবার জরিপের ফলাফল অনেক সময় উল্টো যেতে দেখা যায়।
ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।
নির্বাচনীয় প্রচারে বিজেপি বলেছিল তারা ৩৭০ আসন পাবে। আর তাদের জোট এনডিএ ৪০০টির বেশি আস পাবে। তবে জরিপে বলা হচ্ছে, তারা ৩৭০ আসনের কম পাবে। আর তাদের জোটও ৪০০ আসনের কম পাবে। এদিকে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে যে আসনের প্রত্যাশা করেছিল তারা তার থেকে অনেক কম পাবে। তারা সর্বোচ্চ ১৪২টি আসন পেতে পারে। আর এনডিএ পেতে পারে ৩৬৫টি আসন। এমনটি বলা হচ্ছে জরিপে।
জান কি বাত-এর জরিপে বলা হচ্ছে, এনডিএ ৩৬২ থেকে ৩৯২ আসন পাবে। আর বিরোধী দল ১৪১-১৬১ পেতে পারে। ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিক্স বলছে, এনডিএ ৩৭১ আসন পাবে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ১২৫ আসন পাবে।
এদিকে দৈনিক ভাস্করের বুথ ফেরত জরিপে বলা হচ্ছে, এনডিএ পাবে ২৮১-৩৫০ আসন। আর ইন্ডিয়া জোট পাবে ১৪৫-২০১ আসন। এই জরিপে এনডিএকে সবচেয়ে কম আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

