জো বাইডেন। ছবি: সংগৃহীত
ইউক্রেনকে সরাসরি রাশিয়ায় হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সামরিক চৌকিতে মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার জন্য এ অনুমতি দেন তিনি। শুক্রবার (৩১ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পুরো রাশিয়া নয়, কেবল ইউক্রেনের খারকিভ অঞ্চলের কাছাকাছি এলাকায় হামলার জন্য এ অনুমতি দেওয়া হয়েছে। এ হামলায় সামরিক স্থাপনাকে নিশানা করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং জাতিসংঘে নিয়োজিত রুশ মিশন যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার বিষয়ে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে আসছেন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, বাইডেনের এ সিদ্ধান্ত শুধু খারকিভ অঞ্চলের সীমান্তের কাছে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে প্রযোজ্য হবে। গত ১০ মে থেকে এ অঞ্চলে মস্কো ব্যাপক হামলা চালিয়ে আসছে।
মার্কিন কর্মকর্তারা জানান, খারকিভ অঞ্চলে পাল্টা হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। রুশ সেনাদের ওপর হামলা বা হামলার প্রস্তুতির বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমতি দেন তিনি।
শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী খারকিভ উপকণ্ঠে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
