আজ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের রায়
আজ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের বিপরীতে রায় দেবেন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এই আদালতে মামলা করেছিল দেশটি। সেই বৃহত্তর মামলার অংশ হিসেবেই দেশটি পরে রাফায় অভিযান বন্ধে জরুরি ব্যবস্থা চেয়েছে। আজ শুক্রবার (২৪ মে) এই তথ্য জানিয়েছে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি।
আইসিজের প্রতি প্রিটোরিয়ার দাবি, গাজার দক্ষিণের রাফাসহ সকল অঞ্চলে ‘অবিলম্বে’ ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে।
তবে ইসরায়েল এই দাবি নাকচ করার চেষ্টা চালাচ্ছে। তাদের যুক্তি, জোর করে যুদ্ধবিরতি দেওয়া হলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা পুনর্গঠিত হবে। এর ফলে ৭ অক্টোবরের হামলার সময় হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে।
জানুয়ারিতে এই আদালত সর্বশেষ ইসরায়েলকে নির্দেশ দেয় এই যুদ্ধে গণহত্যা বন্ধ করতে। তবে যুদ্ধবিরতির নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকে আইসিজে।
দক্ষিণ আফ্রিকা যুক্তি দিয়েছে, রাফার সাম্প্রতিক অভিযানগুলো গাজার পরিস্থিতিকে আমূলে বদলে দিয়েছে। তাই আদালতের উচিত জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির নির্দেশ দেওয়া।
আইসিজে বিভিন্ন দেশের মধ্যে দ্বিমতের বিষয়গুলো নিরসন করে থাকে। এই আদালতের রায় মানার আইনি বাধ্যবাধকতা থাকলেও কোনো রাষ্ট্রকে তা বাস্তবায়নে বাধ্য করার সক্ষমতা নেই তাদের।
অপরদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। করিম খানের অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ হামাসের শীর্ষ কর্মকর্তারা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন।

