Logo
Logo
×

আন্তর্জাতিক

কে হচ্ছেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট?

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:১৭ পিএম

কে হচ্ছেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট?

মোহাম্মদ মোখবার। ছবি: আলজাজিরা

হেলিকপ্টার দুর্ঘটনায় ইবরাহিম রাইসি নিহত হওয়া নিয়ম অনুযায়ী ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ভাইস প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মোখবার। 

কে এই মোহাম্মদ মোখবার?

৬৮ বছর মোখবার দেশটির তিন সদস্য বিশিষ্ট কাউন্সিলের একজন। এই কাউন্সিলের অপর দুই সদস্য হলেন পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান। তিনজনের কাউন্সিল থেকে ভাইস প্রেসিডেন্ট হবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।  এই কাউন্সিল প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করবেন। 

এদিকে, মোখবার সম্পর্কে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া মোখবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির খুব ঘনিষ্ঠ। ২০২১ সালে যখন রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন প্রথমবারের মতো মোখবার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হন। 

গত অক্টোবরে মস্কো সফর করা ইরানি কর্মকর্তাদের একজন ছিলেন মোখবার। ওই সফরে রুশ সামরিক বাহিনীকে সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে ইরানি প্রতিনিধি দলটি সম্মত হয়েছিল। ওই প্রতিনিধি দলে মোখবার ছাড়াও ইসলামি বিপ্লবী গার্ড  এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এর আগে মোখবার দেশটির বিনিয়োগ তহবিল সিতাদের প্রধান ছিলেন। এই তহবিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। 

প্রসঙ্গত : গতকাল রোববার ইরানের সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রীসহ প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টারে করে শহরে ফিরছিলেন। পথিমধ্যে বিরূপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল।

এদিকে, সোমবার (২০ মে) সকালে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ সব আরোহী নিহত হয়েছেন। 

এর আগে ইরানের রেড ক্রিসেন্টের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে। তুরস্কের আকিনসি ড্রোন (ইউএভি) দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করে। পরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে কোনো ‘প্রাণের চিহ্ন নেই’।

দুই ব্লেডের মাঝারি ধরনের এই হেলিকপ্টারে  পাইলটসহ ১৫ জন চড়তে পারেন। তবে এটা নিশ্চিত হওয়া যায়নি, রাইসিকে বহন করা হেলিকপ্টারটিতে ফ্লাইট ক্রু ও নিরাপত্তারক্ষীসহ মোট কতজন যাত্রী ছিলেন। বেল-২১২ মডেলের ওই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের নির্মিত। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন