Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেসিডেন্টকে রাইসিকে খুঁজে বের করতে ইরানের সব বাহিনীকে নির্দেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:১৮ এএম

প্রেসিডেন্টকে রাইসিকে খুঁজে বের করতে ইরানের সব বাহিনীকে নির্দেশ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য দেশটির সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে প্রেসিডেন্টকে রাইসিকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন। এ সময় প্রেসিডেন্টকে বহন করা দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি খুঁজে বের করার জন্য সেনাবাহিনীর সব সরঞ্জাম এবং সক্ষমতাকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গেছে, সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। পথিমধ্যে বিরূপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। 

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোনকল এসেছিল। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন। ফলে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেই ধারণা করা হচ্ছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। কথা চলার মধ্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাচ্ছেন। তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

আজ রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরো দুটি হেলিকপ্টার ছিল। সেগুলো অক্ষত রয়েছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন