ফের সৌদি আরবের বাদশাহ সালমান অসুস্থ হয়ে পড়েছেন। আজ রবিবার (১৯ মে) সৌদি আরবেবর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। গত মাসেও একবার অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে জেদ্দার আল সালাম প্যালেসের ক্লিনিকে।
সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়, বাদশাহ সালমান ‘উচ্চ তাপমাত্রা’ এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন। তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদল স্বাস্থ্য পরিস্থিতি জানতে এবং নিশ্চিত হতে কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন।
বাদশাহ সালমান (৮৮) ২০১৫ সাল থেকে সৌদি আরবের সিংহাসনে আসীন। তার পুত্র মোহাম্মদ বিন সালমান (৩৮) যুবরাজ হলেও কার্যত তিনিই দেশটি শাসন করছেন। সৌদি বাদশাহর স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ করা হয়। তবে এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তির হওয়ার খবর জানিয়েছিল।

