পাকিস্তান বানাল অত্যাধুনিক রকেট, ৪০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম
প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:৩১ পিএম
অত্যাধুনিক রকেট ফাতাহ ২-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। রকেটটি ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন ও এপি পাকিস্তান। নতুন এ অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে পাকিস্তান সরকার আশা করছে।
ডন জানায়, পাকিস্তানের সেনাবাহিনী সফলভাবে ফাতাহ-২ গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। রকেট সিস্টেমটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশটির সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
দ্য ডন বলছে, গাইডেন্স সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র করে তুলেছে। কারণ এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ট্র্যাজেক্টোরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম।
পরীক্ষার পর ফাতাহ-২ রকেটটিকে এখন পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করতে পারবে। পাকিস্তানের সেনাপ্রধান, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।
এই কর্মকাণ্ডে অংশগ্রহণকারী সেনা ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সেনাপ্রধান।
