Logo
Logo
×

আন্তর্জাতিক

চারদিক থেকে হামলা শুরু করেছে হামাস

Icon

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৮:৪৭ পিএম

চারদিক থেকে হামলা শুরু করেছে হামাস

যুদ্ধবিরতির আলোচনা থামিয়ে আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা গাজা উপত্যকার রাফায় সর্বাত্মক হামলা ঘোষণা দেয় ইসরায়েল। ইতিমধ্যে কয়েটি হামলাও চালিয়েছে। বসে নেই ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসও। তারা ইসরায়লি হামলার বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধযুদ্ধ চালাচ্ছে। 

জেইতুন আর জাবালিয়া এলাকায় ইসরায়েলের সেনাদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার গাজার উত্তরে ব্যাপক বন্দুকযুদ্ধের খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। বুধবার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস। 

এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর গাজায় হামাসের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই বেধে যায় ইসরায়েলের সেনাদের। এতে তিন সেনা গুরুতর আহত হয়েছে। একই যুদ্ধে আরও পাঁচ আইডিএফ সেনা মাঝারিভাবে আহত হয়েছে। একই সময়ে দক্ষিণে আরেকটি বিস্ফোরণে আহত হয়েছে পাঁচজন। 

ইসরায়েলের স্বাধীনতা দিবসকেও পণ্ড করে দিয়েছে হামাসের যোদ্ধারা। দেশিটর দক্ষিণ শহর আশকেলন ও আশপাশের এলাকা লক্ষ্য করে আবারও রকেট হামলা হয়েছে গাজা উপত্যকা থেকে। এ সময় বিভিন্ন স্থান ও লোকালয়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

এর কিছু আগেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সেডরোটে গাজা থেকে উড়ে আসা তিনটি রকেটকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। গাজায় নতুন করে ইসরায়েলের বসতি স্থাপনের দাবিতে ডানপন্থি ইহুদিরা ওই এলাকায় মিছিল করার সময় এই রকেট হামলা হয়। 

এদিকে মঙ্গলবার ইসরায়েলের রামাত গানের তেল হাশোমার সামরিক ঘাঁটির গুদামে বড় আগুনের খবরও পাওয়া গেছে। এই ঘাঁটিতে গাজায় অভিযানের জন্য সমর সরঞ্জামের বিশাল মজুদ ছিলো বলে জানা গেছে। আগুনের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণ থেকেই এই আগুন। 

আবার বসে নেই হামাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিজবুল্লাহও। লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে দেশটির সেনাদের রীতিমতো দৌড়ের উপরে রেখেছে এই সামরিক গোষ্ঠীটির যোদ্ধারা। আইডিএফ বলছে, লেবানন থেকে মাউন্ট হারমন এলাকায় একযোগে প্রায় ১০টি রকেট আঘাত হেনেছে। 

ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনও লেবানন সীমান্তে ভূপাতিত করেছে হিজবুল্লাহ। আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পর বেলুনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে। এতে বলা হয়েছে, বেলুনে ওপরে থাকা সেন্সর ও ক্যামেরা থেকে তথ্য নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। 

জাতিসংঘ আরও জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফাহ শহরে তাদের একটি গাড়িতে হামলায় একজন কর্মী নিহত এবং অপর এক কর্মী আহত হয়েছেন। জাতিসংঘের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, গাড়িটি রাফা শহরের একটি হাসপাতালে যাওয়ার সময় গাড়িটির ওপর আক্রমণ করে ইসরায়েল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন