ইসরায়েলি আগ্রাসনে গাজার অন্যান্য অংশ থেকে এসে রাফায় প্রায় ১০ লাখ মানুষ এখানে আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েল রাফায় ইতোমধ্যেই হামলা জোরদার করেছে। এ কারণে রাফা থেকে ফিলিস্তিনিরা পালিয়ে যাওয়ার পর খান ইউনিসের কাছে শতাধিক নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। আসাদার বিনোদন পার্ক ঢাকা পড়েছে তাঁবুর আড়ালে।
৫ লাখ সদ্য বাস্তুচ্যুত লোকেদের সেখানে স্থাপন করা হয়েছে। তারা শহরের কাছে উপকূলের এই বালুকাময় স্ট্রিপে তাদের সংসার পেতেছেন। খান ইউনিস অঞ্চলটি উত্তর ও দক্ষিণের যুদ্ধ থেকে কোনোমতে রক্ষা পেয়েছে।
১০ বছরের মাসা আল-আরবিদ তার ভাই এবং মায়ের সাথে গাজা শহর থেকে এখানে এসেছে আশ্রয়ের খোঁজে। আল-আরবিদ গার্ডিয়ানকে বলেছেন, ‘আমাদের অনেক কিছু পিছনে ফেলে আসতে হয়েছে। এই নিয়ে ৬ বারের মতো আমাদের জায়গা পরিবর্তন করতে হলো। আমার ভাইয়ের খেলার জন্য কোনও পুতুল নেই, এমনকি আশ্রয় নেয়ার জন্য একটি ঘরও নেই। বারবার জায়গা বদলানোর কারণে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি এবং এখন আমি তাদের সম্পর্কে কিছুই জানি না ’। কখনো উদ্বিগ্ন, কখনও অসুস্থ, কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত মানুষগুলি ইসরায়েলি আক্রমণ থেকে বাঁচতে আশ্রয় খুঁজে চলেছেন।
যদিও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে, বিপুল সংখ্যক বাস্তুচ্যুতদের জন্য ‘প্রয়োজনে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান করা হবে’, কিন্তু বাস্তবটা একেবারেই ভিন্ন। অনেককে পানির জন্য দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে এবং পর্যাপ্ত খাবারের সংস্থান সেখানে নেই। এক কেজি চিনির দাম ১২ ডলার। যা এক সপ্তাহ আগে রাফায় ইসরায়েল আক্রমণ শুরু করার আগে থেকে প্রায় ছয় গুণ বেশি। আটার দাম স্থিতিশীল থাকলেও লবণ ও কফির দাম ১০ গুণ বেড়েছে। একটি সমস্যা হলো অর্থের অভাব। ব্যাংকগুলো বন্ধ এবং কয়েকটি ব্যাংকের কাছে নামমাত্র রিজার্ভ বাকি আছে।
তিন সন্তানের মা ২৮ বছর বয়সী সাবরিন সংঘাতের শুরুতে উত্তরের শহর বেইট লাহিয়া থেকে প্রথমে তার বাড়ি ছেড়ে যাওয়ার পরে চারবার বাস্তুচ্যুত হয়েছেন।
সাবরিন আরও পাঁচটি পরিবারের সাথে নিজেদের সব সামগ্রী নিয়ে উপকূলে এসে পৌঁছেছিলেন, একটি ট্রাক ভাড়া করতে তাদের ১০ গুন্ বেশি অর্থ খরচ করতে হয়েছিলো। তিন সন্তানের মা সাবরিন বলছেন, এটা কোনো সাধারণ মানুষের জীবন নয়। কিছুই নেই: পানি নেই, খাবার নেই, স্বাস্থ্যসেবা নেই, এমনকি টয়লেটও নেই। আমার বাচ্চারা আমাকে জিজ্ঞাসা করে যে তারা একটু আলু পেতে পারে কিন্তু এখন আমাদের কাছে সেটুকু কেনারও টাকা নেই। আমাদের যা আছে তা হল (জাতিসংঘ দ্বারা) বিতরণ করা টিনজাত খাবার। আমার বাচ্চাদের ইতিমধ্যে ফ্লু, জ্বর এবং হেপাটাইটিস হয়েছে। তারা এখন দুর্বল, পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক নেই, তাই আমি খুব চিন্তিত।
রাফাত ফারহাত, একজন ৬৪বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক, তিন দিন আগে আল-মাওয়াসিতে পালিয়ে যান। সেখানে তার পরিবার একটি তাঁবু তৈরি না করা পর্যন্ত খোলা জায়গায় শুয়েছিলেন এই বৃদ্ধ। রাফাত বলছেন, ‘আমরা কখনই কল্পনা করিনি যে, এভাবে জীবনযাপন করব। এখন বিদ্যুৎ, পানি, খাদ্য এবং বাসস্থানসহ একটি জীবন দু:স্বপ্নের মতো মনে হচ্ছে।’
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে। এখনও তাদের কাছে ১২৮ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
