রাফায় মৃত্যকূপ, সতর্ক করে ৯০০ ইসরায়েলি সেনার মায়ের চিঠি
রাফায় অভিযান বন্ধ করতে ৯ শতাধিক ইসরায়েলি সেনার মা-বাবা দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভির কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে রাফা তাদের সন্তানদের জন্য একটি ‘মৃত্যুফাঁদ’ বলে উল্লেখ করা হয়। আর সেখানে অভিযান বন্ধ করার আহ্বান জানান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই চিঠিতে শুরুর দিকে প্রায় ৬০০ সৈন্যের বাবা-মা স্বাক্ষর করেছিলেন। সম্প্রতি আরো ৩০০ সৈন্যের বাবা-মা এতে স্বাক্ষর করেন।
গত ২ মে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সাধারণ বিচার বুদ্ধিসম্পন্ন যে কারও কাছে এটা স্পষ্ট যে, রাফায় আগ্রাসনের বিষয়ে কয়েক মাস আগে থেকেই সতর্কতা ও ঘোষণা দেওয়া হয়েছে। তাই এখন প্রতিপক্ষ বাহিনী সক্রিয়ভাবে আমাদের সৈন্যদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে।’
চিঠিতে আরো বলা হয়েছে, ‘আমাদের ছেলেরা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত। আর এখন আপনি তাদের এই বিপজ্জনক পরিস্থিতিতে পাঠাতে চান? এটাকে অদূরদর্শিতা ছাড়া কিছুই মনে হচ্ছে না।’
ইসরায়েলি কর্তৃপক্ষ এই চিঠির জবাব দেয়নি। তবে গতকাল রোববার জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে স্মৃতি দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে আইডিএফ প্রধান হারজি হালেভি বলেন, তিনি নিহত সেনাদের পরিবারের উত্তর দেওয়ার জন্য দায়বদ্ধ।
হালেভি বলেন, ‘আমি সেই কমান্ডার যে আপনার ছেলে-মেয়েদের সেই যুদ্ধে পাঠিয়েছে যেখান থেকে তারা ফিরে আসেনি। আমি প্রতিদিন নিজের সঙ্গে এই হারিয়ে ফেলা মানুষদের স্মৃতি বয়ে বেড়াই এবং যেসব প্রশ্ন আপনাদের ঘুমোতে দেয় না, সেসব তীক্ষ্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দায়বদ্ধ।’
সোমবার জাতিসংঘের মহাসচিবের গুতেরেসের মুখপাত্র ফারহান হক বলেন, গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের ১৯০ জনের বেশি কর্মী নিহত হয়েছেন। আর ইসরায়লি আগ্রসণে ২৪ হাজার ৬৮৬ জন নিহত হয়েছেন। এখনো ধংসস্তূপের নিচে ১০ হাজার মৃতদেহ আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রাণালয় বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে।
এদিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতেও গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থীশিবির থেকে দক্ষিণে একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়েছে। হামলায় ১৪ জন নিহত হয়েছেন। শরণার্থীশিবিরের একটি স্কুলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে গাজা নগরীর জেইতুন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা শহরের পূর্বাঞ্চলীয় এলাকাও বিমান হামলার শিকার হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীজুড়ে সমালচনার সত্বে রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। গত সপ্তাহে পূর্ব ও মধ্য রাফা খালি করে দেওয়ার সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। এরপর প্রায় ৫ লাখ বাসিন্দা রাফা ত্যাগ করেছে। ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্ত থেকে রাফায় এসে আশ্রয় নিয়েছিল প্রায় ১৩ লাখ ফিলিস্তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, রাফায় পূর্ণ মাত্রায় আক্রমণ বন্ধ করার জন্য মার্কিন চাপকে তিনি প্রত্যাখ্যান করবেন।
রাফায় যেকোনো লড়াই জটিল ও কঠিন হতে পারে। হামাস সেখানে প্রতিরক্ষা জোরদার করতে কয়েক মাস সময় নিয়েছে এবং শহরের নিচে হামাসের সুড়ঙ্গের নেটওয়ার্কও অনেকটাই অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

