ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে
আউটলুক ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৮:৩২ পিএম
ভারতের স্থানীয় সময় সোমবার (১৩ মে) সকাল ৭টায় লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশসহ ১০ রাজ্যের ৯৬ আসনে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৬টায়। কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফার ভোট গ্রহণকে বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি।
এর আগের তিন দফার ভোটের মধ্যদিয়ে দেশটির ৫৪৩ আসনের মধ্যে ২৮৩ আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে ভারতের কমিশন।
রাজনৈতিক দলগুলো বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে চতুর্থ দফার ভোটের মধ্যদিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে ২৭২ আসন। বিশ্লেষকরা মনে করছেন, এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়।
২০১৯ সালের হিসেব বলছে, চতুর্থ দফার ৯৬ আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়ে বেশি ছিল। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বাদ দিলে বাকি সব আসনই বিজেপির ভোট শতাংশ বেশি। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।
এদিকে চতুর্থ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে পঞ্চম দফার ভোটের প্রচারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রভাবশালী শরিক কংগ্রসকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোাদি। পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় নির্বাচনী সভায় রাহুলের নাম না নিয়ে মোদি বলেন, শাহজাদার যত বয়স হয়েছে এর চেয়েও কম আসন পাবে কংগ্রসে।
যদিও নির্বাচনী প্রচারে নেমে মোদিকে পাল্টা নিশানা করেন মমতা। আমডাঙায় নির্বাচনী সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, টাকা খরচ করে আমার বিরুদ্ধে এসব বলতে হচ্ছে। ১০০ দিনের কাজ, আবাস, সড়ক, ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা পাঁচ বার এক নম্বর হয়েছে। গত ১২ বছরে বাংলায় যা কাজ হয়েছে, আর কোথাও হয়নি। আজ আপনি চোর বলছেন। তাহলে আপনার দেওয়া সার্টিফিকেটগুলি দেখাই!। কুৎসা, অপপ্রচার, মিথ্যে বলে প্রচার চলছে।
এর আগে, শনিবার দিল্লিতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল মোদি-অমিত শাহর রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, এক দেশ এক নেতার বাস্তবায়ন করতে চাইছে মোদি। আবারও ক্ষমতায় এলে মমতাকেও গ্রেপ্তার করবেন মোদি।
ভারতে গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দফার এ ভোট গ্রহণ কার্যক্রম চলবে আগামী ১ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ৯৭ কোটি ভোটার দেশজুড়ে ৫৪৩ জন লোকসভা সদস্য নির্বাচন করতে ভোট দেবে। ভোট গণনা শেষে আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে।
