ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেপ্তার
আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারলিন ফলিনকে হাঁটু দিয়ে চেপে ধরে পুলিশের এক সদস্য। ছবি: সিএনএন
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা ইসরাইলবিরোধী বিক্ষোভ করছে। ফিলিস্তিনপন্থিদের চলমান এ বিক্ষোভে অংশ নেওয়ায় অন্তত ৫০ জন অধ্যাপককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষকদের অনেককে পুলিশ মারধর ও হেনস্তা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ, বিক্ষোভ–সম্পর্কিত সংবাদ ও আদালতের নথি বিশ্লেষণ করে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস বলছে, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
গত ১৭ এপ্রিল গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইউরোপের অন্তত ১২টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ থেকে বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই বিক্ষোভ চলছে।
এদিকে, গত ২৯ এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধা দেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারলিন ফলিন। পরে পুলিশ ওই নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেন। আটকের পর এই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এ সময় তাকে শারীরিক হেনস্তার পর আটক করে পুলিশ।
অন্যদিকে, ক্যারলিন ফলিনকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরার দৃশ্যটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে পুলিশের মারমুখি ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন এবং বাইডেন প্রশাসন ইসরায়েলকে সমর্থনে দেওয়ায় অটল রয়েছে।

