Logo
Logo
×

আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ দেশের ভোট, জাতিসংঘে প্রস্তাব পাস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৪:৩৭ এএম

স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ দেশের ভোট, জাতিসংঘে প্রস্তাব পাস

ছবি: রয়টার্স

জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশসহ ভোট দিয়েছে ১৪৩টি দেশ। আজ শুক্রবার (১০ মে) ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদনের ওপর জাতিসংঘের সাধারণ পরিষদে এই ভোট হয়। এ প্রস্তাবটি নিরাপত্তা পরিষদও পুনর্বিবেচনা করবে বলে আশা করছে সাধারণ পরিষদ।

১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে, ৯টি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয় এবং ২৫টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল।

আজ বিশেষ জরুরি বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্রের 'অধিকার ও সুযোগ-সুবিধা' দিয়ে জাতিসংঘের ১৯৪তম সদস্য করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় সাধারণ পরিষদ। এই ভোটে ফিলিস্তিনের পক্ষে বৈশ্বিক জনমতের প্রতিফলন দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। 

তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজকের এই ভোটটি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এটির মাধ্যমে তারা বেশকিছু অধিকার পেয়েছে। ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন বা এতে সমর্থন এবং সংশোধন করতে পারবে। সেই সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিন সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে, সেটি এই ভোটের মাধ্যমে আবারও প্রকাশ পেয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন