রাফায় অভিযান চালিয়েও হামাসকে হারাতে পারবে না ইসরায়েল: যুক্তরাষ্ট্র
আউটলুক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৪, ০৮:৩৩ পিএম
ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করতে পারবে না বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগবিষয়ক উপদেষ্টা জন কিরবি।
জন কিরবি বলেন, ‘ইসরায়েল জোরালোভাবেই হামাসকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে। সেটাই যথেষ্ট ছিল। নতুন করে রাফায় আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকিই বাড়াবে। এর বেশি কিছু না।’ তিনি আরও বলেন, ‘রাফায় আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না। তবে তার মানে এই না যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চায় না। আমরা এখনো ইসরায়েলকে নিয়ে আশাবাদী। আমরা কেবল রাফায় আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি।’
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ইসরায়েল রাফায় নগরীতে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে তিনি ইসরায়েলে কিছু মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধে ‘আমাদের যদি একা যুদ্ধ করতে হয়, তাহলে আমরা একাই যুদ্ধ চালিয়ে যাব।’ নেতানিয়াহু মার্কিন হুমকির কথা উল্লেখ না করলেও ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সমাপ্তির কথা তুলে ধরে ইসরায়েলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া বিভিন্ন মন্তব্যের ওপর জোর দেন। ওই সময় ‘আমরা অনেকের বিরুদ্ধে কম শক্তিশালী ছিলাম। আজ আমরা অনেক বেশি শক্তিশালী। আমাদের শত্রুদের এবং যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের পরাজিত করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং ঐক্যবদ্ধ।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বৃহস্পতিবার রাতে বলেন, তাদের দেশের সেনাবাহিনীর কাছে ‘রাফাতে আমাদের মিশন সম্পূর্ণ করার জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে।’
গাজায় ইসরায়েলি আগ্রাসনের সাত মাস পেরিয়ে গেছে। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে প্রায় ৮০ হাজার। ইসরায়েলি বাহিনী উত্তর গাজা, মধ্য গাজাসহ অঞ্চলটির বেশির ভাগ এলাকায় অভিযান চালালেও রাফা এর বাইরে ছিল। এবার সেখানেও স্থল অভিযান শুরু করেছে তেল আবিব।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোতে চলমান আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল তাও নিভে গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস শুক্রবার বলেছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে তাদের প্রতিনিধি দল কাতারের উদ্দেশ্যে কায়রো ছেড়েছে। ‘বল এখন সম্পূর্ণরূপে ইসরায়েলের কোর্টে।’
নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, গাজায় যুদ্ধ বন্ধে কায়রোতে পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে। ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফায় ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।
