করোনার টিকা প্রত্যাহার করে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা
আউটলুক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৪:৩১ এএম
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বলেছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকা প্রত্যাহার করবে কোম্পানিটি। কোভিড-১৯ টিকার নতুন সংস্করণের উদ্বৃত্ত থাকা ও চাহিদা কমে যাওয়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার (৭ মে) থেকে এই প্রত্যাহার শুরু হয়। এছাড়া ইউরোপের মধ্যে বাজারজাত করণের অনুমতি পাওয়া ভ্যাক্সজেভরিয়াও প্রত্যাহার করা হবে।
অ্যাস্ট্রাজেনেকা এক বিবৃতিতে বলে, কোভিড-১৯ টিকার একাধিক হালনাগাদ সংস্করণ উদ্ভাবনের ফলে বাজারে উদ্বৃত্ত রয়েছে। এর ফলে ভ্যাক্সজেভরিয়ার চাহিদা হ্রাস পেয়েছে। এই টিকাটি এখন আর উৎপাদন বা সরবরাহ করা হচ্ছে না। অ্যাস্ট্রাজেনেকার টিকা মহামারির সময় লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে বলে ধারণা করা হয়, তবে এতে বিরল এবং কোনো ক্ষেত্রে প্রাণঘাতী, রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এর খবর অনুসারে, টিকা প্রত্যাহারের ঘোষণাটি দেওয়া হয়েছে ৫ মে এবং তা ৭ মে থেকে কার্যকর হচ্ছে। গত বছর থেকে করোনার টিকা বিক্রি কমে যাওয়ার পর অ্যাস্ট্রাজেনেকা স্থূলতার ওষুধ এবং অপর রোগের টিকা উদ্ভাবনে মনোযোগ দিয়েছে।
ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকাটি কোভিশিল্ড নামে উৎপাদন ও বিপণন করেছে। সেরামের মুখপাত্র বলেছেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে তারা কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ বন্ধ রেখেছে।
