স্যাটেলাইটে তোলা ছবিতে গাজার কৃষি জমির তুলনা
ছয় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরায়েলের হামলা চলছে। এই সময়ে উপত্যকাটির খাদ্য ও বিশুদ্ধ পানি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইসরায়েলের বিমান হামলা এবং বুলডোজারগুলো ফিলিস্তিনিদের খামার ও বাগান ধ্বংস করে দিয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা ফসল ও গবাদি পশু ফেলে দক্ষিণ গাজার দিকে ছুটে গেছেন।
খামার ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে দক্ষিণ গাজার দিকে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে আশরাফ ওমর আলাখরাস একজন। ইসরায়েল সীমান্তের কাছে উত্তর গাজার বেইত লাহিয়ায় তার একটি পারিবারিক খামার ছিল। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারির শেষের তার গ্রিনহাউস ও সৌর শক্তি প্রকল্পের সঙ্গে খামারটিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসারায়েলি সেনারা। পরে সেখানে তারা একটি সামরিক বাফার জোন (সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল) স্থাপন করে।
অতীত জীবনের ছবি ও ভিডিও দেখিয়ে ওয়াশিংটন পোস্টকে ওমর আলাখরাস বলেন, পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিশাল খামারে আমরা কাজ করেছি। আমরা কমলা, লেবু, আলু, বেগুন, টমেটো ও শসা চাষ করেছি।
আলাখরাসের খামারের ভাগ্যই এখন পুরো গাজার কৃষির গল্প হয়ে উঠেছে। কৃষি তথ্য, স্যাটেলাইটে পাওয়া ছবি, বিশেষজ্ঞদের সাক্ষাৎকার এবং ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলে ওয়াশিংটন পোস্ট গাজার সামগ্রিক কৃষি ব্যবস্থা বিশ্লেষণ করে দেখেছে, ইতোমধ্যে দুর্বল কৃষি ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে আছে।
গাজার কৃষি খাত কি পরিমাণ ধ্বংস হয়েছে জানতে চাইলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলি ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় বেআইনিভাবে তাদের সামরিক আস্তানা গেড়েছিল। সামরিক প্রয়োজনে আন্তর্জাতিক আইন মেনেই আইডিএফ অভিযান চালিয়েছে।
যুদ্ধের আগেও গাজার বেশিরভাগ ফল ও সবজি ছিটমহলে আমদানি করা হতো। মিসর ও ইসরায়েলের শাস্তিমূলক নিষেধাজ্ঞার কারণে দুই দশক ধরে নিজেদের খাদ্য সরবরাহের গাজার সক্ষমতা সীমিত হয়ে পড়ে। ২০০৭ সালে হামাস গাজায় ক্ষমতায় আসার পরই দেশ দুটি এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়। প্রায় সবগুলো সীমান্ত চৌকিগুলো ইসরায়েল নিয়ন্ত্রণ করে। গাজায় বিদ্যুৎ ও পানি সরবরাহ সীমিত। শুধু তাই নয়, মাছ ধরতে সমুদ্র উপকূলের গভীরে প্রবেশ এবং পণ্য আমদানি ও রপ্তানিও নিষিদ্ধ।
তাই সীমিত আকারে হলেও কৃষি ও মাছের ব্যবস্থা করা গাজাবাসীর জন্য অপরিহার্য ছিল। গাজার বাসিন্দারা যেখানে পারতো খামার করতো এবং মাছ ধরতো। তারা ছাদে গ্রিনহাউস তৈরি করতো এবং সেচের জন্য বৃষ্টির পানি ধরে রাখতো। ছোট ছোট অলিভ ও ফলের গাছ ভরে ছিল গাজার ল্যান্ডস্কেপ।
স্থানীয়ভাবে উৎপাদিত টমেটো, শসা, বেগুন, ভেষজ এবং লাল ও সবুজ মরিচ হয় বাজারে, না হয় সরাসরি রান্নাঘরের টেবিলে যেত। প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুসারে, ২০২২ সাল পর্যন্ত গাজার বাসিন্দারা তাদের ৪০ শতাংশের বেশি ফল এবং সবজির জন্য স্থানীয় উৎপাদনের উপর নির্ভর করতো।
জাতিসংঘের উপগ্রহ কেন্দ্র ইউএনওএসএটি’র তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে গাজার মোট ভূমির প্রায় অর্ধেক ছিল কৃষিজ। সেই কৃষি জমির ৪৫ শতাংশই এখন ধ্বংস হয়ে গেছে।
আইন বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় যুদ্ধরত পক্ষগুলি সংঘাতে আটকে পড়া বেসামরিক লোকদের খাদ্য বা পানির পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। এই আইনের আওতা খাদ্য পরিকাঠামো পর্যন্ত বিস্তৃত।
টাফ্টস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির আন্তর্জাতিক আইনের সহযোগী অধ্যাপক টম ড্যানেনবাউম বলেছেন, খুব সামান্য ব্যতিক্রম ছাড়া এই বস্তুগুলিতে আক্রমণ করা, ধ্বংস করা, অপসারণ করা বা অকেজো করা নিষিদ্ধ। বেসামরিক মানুষ যখন পানি, খাদ্য অবকাঠামো ও ক্ষুধার মধ্যে পড়ে তখন শুধুমাত্র বেসামরিক এলাকায় থেকে যোদ্ধারা যুদ্ধ করবে বলে তাদের (বেসামরিক লোকজন) আইনের সুরক্ষিত ওই মর্যাদা হারাবে না।
স্যাটেলাইট ইমেজ বিশ্লেষক এবং কেন্ট স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হে ইয়িন স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখান, ৩ এপ্রিল পর্যন্ত গাজা উপত্যকার প্রায় অর্ধেক অলিভ এবং ফলের গাছ ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, উত্তর গাজায় এই ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ৭১ শতাংশ পর্যন্ত হতে পারে। তিনি দেখান, ছিটমহলের ৭ হাজার গ্রিনহাউসের প্রায় এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে।
এদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো বলেছেন, গাজার খাদ্য নিরাপত্তাহীনতার স্তরটি সংকটময় পর্যায়ে রয়েছে। এটা সম্পূর্ণ মানব সৃষ্ট। সেখানকার হাজার হাজার মানুষের জীবন এখন ঝুঁকিতে।
ইসরায়েলি হামলায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ করতে কয়েক দশক সময় লাগতে পারে। ইংল্যান্ডের কভেন্ট্রি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জর্জিনা ম্যাকঅ্যালিস্টার গাজার পুনর্নির্মাণের ব্যাপারে বলতে গিয়ে বলেন, যুদ্ধ হচ্ছে এমন এলাকার খাদ্য ও কৃষি ব্যবস্থার বিশেষজ্ঞ হিসেবে ৩০ বছর ধরে কাজ করছি। কিন্তু আমি কখনই এই স্তরের ধ্বংস এবং নিরাপত্তাহীনতা দেখিনি।
