Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৩:২৮ এএম

ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান

সাদিক খান

পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে কেউ লন্ডনে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হতে পারেননি। তবে দ্বিতীয় মেয়াদে বরিস জনসন এবং কেন লিভিংস্টোন নির্বাচিত হয়েছিলেন। তাই সাদিক খানের এই বিজয়কে ব্রিটিশ গণমাধ্যমগুলো ঐতিহাসিক বলে অভিহিত করেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও স্কাই নিউজ বলেছে, সাদিক খানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ২ লাখ ৭৫ হাজার ভোট বেশি পেয়েছেন। লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির সাদিক খান পেয়েছেন মোট ১০ লাখ ৯৯ হাজার ২২৫ ভোট। শতকরা হিসেবে ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন তিনি। আর তার প্রতিদ্বন্দ্বী কনজার্ভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৮ লাখ ১১ হাজার ৫১৮ ভোট। শতকরা হিসেবে ৩২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি।  

নির্বাচনী ফলাফলে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি বড় জয় পেলেও আগামী জাতীয় নির্বাচনে জনগণ কনজারভেটিভ পার্টিকেই ভোট দেবে। তিনি কারণ হিসেবে বলেন, কনজারভেটিভ পার্টি আলোকিত ব্রিটেন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

এদিকে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার নির্বাচনী ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে ঋষি সুনাককে উদ্দেশ্য করে আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন। 

গত বৃহস্পতিবার লন্ডন শহরের মেয়র নির্বাচনসহ ইংল্যান্ড ও ওয়েলসের এই নির্বাচনে সকাল ৭টা থেকে একটানা রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা ও ফলাফল প্রকাশ। 

উল্লেখ্য, ২০১৬ সালে লেবার পার্টি থেকে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন সাদিক খান। পরে ২০২১ সালে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি। এবার তৃতীয় মেয়াদে তিনি মেয়র নির্বাচিত হলেন। ২০১৬ সালের মে মাসে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর থেকে নানা সংকট ও অব্যাহত বাজেট কাটের মুখোমুখি হচ্ছেন তিনি। মেয়র নির্বাচিত হওয়ার আগে ২০০৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন সাদিক খান। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন