Logo
Logo
×

আন্তর্জাতিক

এশিয়ার দোদুল্যমান দেশ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের স্নায়ুযুদ্ধ

Icon

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০১:৩৫ এএম

এশিয়ার দোদুল্যমান দেশ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের স্নায়ুযুদ্ধ

এশিয়ার তথাকথিত দোদুল্যমান দেশগুলো নিয়ে প্রতিযোগিতা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি করছে। দোদুল্যমান দেশগুলোয় চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রসারের ফলে যেসব দেশ এখনো কোনো ব্লকে শক্তভাবে ঝুঁকেনি সেসব দেশে প্রভাব তৈরির চেষ্টায় অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রকে মনোযোগী করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার এশিয়াকে স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন। 

পর্যবেক্ষকরাও সলোমন দ্বীপপুঞ্জের সাম্প্রতিক চীনপন্থী বাঁক বদল উল্লেখ করে এই ধরনের প্রতিযোগিতায় উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটি ২০১৯ সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরে চীন ও মালদ্বীপের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। আবার এই মালদ্বীপে ২০২৩ সালে এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন যিনি ভারতের সঙ্গে সম্পর্কের জন্য তার পূর্বসূরীদের সমালোচন করে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে লেখালেখি করা ম্যাট পটিঙ্গার এবং মাইক গ্যালাঘেরসহ অসংখ্য নেতা এবং বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এই প্রতিযোগিতাকে নতুন স্নায়ু যুদ্ধ হিসেবে দেখছেন। তবেও এও উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই প্রতিযোগিতাকে প্রকৃতই স্নায়ু যুদ্ধের সঙ্গে তুলনা করে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না, বা এশিয়ার দোদুল্যমান দেশগুলো নিয়ে প্রতিযোগিতায় চীন যে চ্যালেঞ্জগুলি তৈরি করছে তার ভুল বুঝছে না। 
ওয়াশিংটনের পক্ষ থেকে চীনের সঙ্গে এই প্রতিযোগিতায় পুরো অঞ্চলটিকে স্বচ্ছ দৃষ্টিতে দেখতে ব্যাপক রাজনৈতিক চাপ আছে। যদিও এই প্রতিযোগিতা এশিয়ার অনেক দেশের রাজনৈতিক স্বার্থ নিয়ে আলোকপাত করে না। আর স্নায়ু যুদ্ধ চলছে—এই মনোভাব এশিয়ার দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত এবং অর্থনৈতিক আবেদনকে ঝুঁকিতে ফেলে।  

চীনের প্রভাব এই প্রতিযোগিতায় সত্যিই বড় চ্যালেঞ্জ সামনে নিয়ে আসে। তবে এর প্রকৃতি সম্পর্কেও স্পষ্ট হওয়া গুরুত্বপূর্ণ। আজকের এশিয়া থেকে স্নায়ু যুদ্ধকালীন এশিয়া সম্পূর্ণ ভিন্ন ছিল। ওই সময় এই অঞ্চলের অনেক দেশ সদ্য স্বাধীন রাষ্ট্র ছিল, যেখানে ভয়াবহরকম সহিংসতা, অভ্যুত্থান, বিদ্রোহ এবং যুদ্ধ বিগ্রহ লেগে ছিল। তাই ওই সময় তাদের ওপর বাইরে থেকে এসে প্রভাব বিস্তার সহজ ছিল। 

আবার তিন দশক আগের তুলনায় বর্তমান চীন নিঃসন্দেহে অনেক বেশি প্রভাবশালী। তবুও এশিয়ার বেশিরভাগ দেশ চীনের প্রভাবে ঢোকার ঝুঁকিতে নেই। এশিয়ার দেশগুলির রাজনীতি ও শাসন ব্যবস্থা জটিলতর এমন এক ঢং তৈরি করেছে যা চীন বা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারগুলির সঙ্গে মেলে না। যদিও মাঝে মাঝে এই দেশগুলি চীন না যুক্তরাষ্ট্র—কার দিকে ঝুঁকবে তা নিয়ে অভ্যন্তরীণ বিতর্কে জড়ায়। তবে দেশগুলির অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং বিদেশ নীতির লক্ষ্যগুলির তুলনায় এই বিতর্ক খুবই গৌণ। এমনকি অপ্রাসঙ্গিকও।

এশীয় দেশগুলির রাজনীতি ও স্বার্থও বাইডেন প্রশাসনের স্বৈরাচার বনাম গণতন্ত্র কাঠামোকে অন্ধভাবে অনুসরণ করে না। আবার মার্ক্সবাদী-লেনিনবাদী রাষ্ট্র মডেল বা উদার গণতন্ত্রেও ঝাঁপিয়ে পড়ে না। প্রকৃতপক্ষে, অঞ্চলটির অনেক দেশ মনে করে, তারা উভয় পক্ষের সঙ্গেই ভারসাম্যপূণ্য সম্পর্ক বজায় রাখতে পারবে। কারণ তারা নিজেদের রাজনীতির রূপ নিজেরাই তৈরি করে। তারপরও ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দোদুল্যমান দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং এশিয়ায় তার মিত্রদের একটি চিন্তাশীল ও টেকসই উদ্যোগ প্রয়োজন। তবে এও মনে রাখতে হবে, এই প্রভাব বিস্তারের লড়াই পুরো অঞ্চলে সমানভাবে চলছে না।

এশিয়ায় সফল হতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন দেশগুলির মধ্যকার পার্থক্যগুলো অনুধাবন করা, তাদের গুরুত্ব সহকারে নেওয়া এবং স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সাবধানতার সঙ্গে নীতি উদ্যোগ গ্রহণ। 

এই প্রতিযোগিতা কি সত্যিই স্নায়ুযুদ্ধ?

স্নায়ুযুদ্ধের উপমা বর্তমান এশিয়া সম্পর্কে যা সামনে নিয়ে আসে তাতে কিছু সীমাবদ্ধতাও আছে। আজকের এশিয়া বেশিরভাগ দেশ স্নায়ু যুদ্ধের সময়কার তুলনায় অনেক বেশি স্থিতিশীল। ফলে, তারা প্রক্সি সংঘাতের কেন্দ্র হয়ে উঠতে খুব একটা উপযুক্ত নয়। নরওয়ের অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউট এবং উপসালা কনফ্লিক্ট ডেটা প্রোগ্রামের সংকলিত ডেটা অনুযায়ী, স্নায়ু যুদ্ধ শেষ হয়ে গেলে এশিয়ায় সংঘাত-সম্পর্কিত নিহতের সংখ্যাও নাটকীয়ভাবে কমে গিয়েছিল। অর্থাৎ এশিয়ার দেশগুলির অভ্যন্তরীণ রাজনৈতিক ভিতগুলো শক্তিশালী এবং তারা বাইরের প্রভাব রোধ করতে সক্ষম। 

আর এই বৃহত্তর স্থিতিশীলতার কারণে দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে পরাশক্তিগুলোর ওই প্রতিযোগিতাকে খুব একটা পাত্তা পায় না। যেমন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে আছে ফাইভ-জি এবং তাইওয়ান প্রণালী। মজার ব্যাপার হলো এশিয়ার অনেক দোদুল্যমান দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে এসবের কোনো সামঞ্জস্য নেই। আবার যুক্তরাষ্ট্র বা চীনের রাজনৈতিক মডেলও এশিয়ার কোনো দেশের কাছে বিশেষভাবে আকর্ষণীয় নয়। এমনকি প্রাসঙ্গিকও নয়।

বাইডেন প্রশাসন এশিয়ার ব্যাপারে স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের লড়াইয়ের যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তা এই অঞ্চলের অভ্যন্তরীণ রাজনীতিকে খুব একটা ধারণ করে না। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা এবং থাইল্যান্ডের মতো দেশগুলো প্রাতিষ্ঠানিকভাবে মার্কসবাদী-লেনিনবাদী বা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কোনোটিই চায় না। কারণ এশিয়ার দোদুল্যমান দেশগুলোতে চীনের রাজনীতি মডেল গ্রহণ করলে অধিকাংশ অভিজাতদের জন্য খুবই ভয়াবহ হবে। 

একইভাবে, বাইডেন প্রশাসন ২০২২ সালের শুরুতে প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের জন্য নেওয়া কৌশলে যে উদারপন্থি দৃষ্টিভঙ্গির কথা বলেছে তা এই অঞ্চলের গণতন্ত্র গ্রহণে খুব একটা আগ্রহী নয়। কারণ ওই কৌশলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মুক্ত সংবাদমাধ্যম এবং সরব সুশীল সমাজকে এগিয়ে নেওয়া এবং গুরুত্ব দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই মূল্যবোধগুলোকে এশিয়ার দোদুল্যমান অনেক দেশের নাগরিক বা শাসকরা অগ্রাধিকার দেয় না। যেমন ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন্সে নির্বাচনী গণতান্ত্রিক দেশ। কিন্তু অভ্যন্তরীণ শাসনে ব্যবস্থায় দেশগুলো উদারনীতিকে খুব একটা পাত্তা দেয় না। এই দেশগুলোর রাজনীতিতে চার্চ থেকে রাষ্ট্র আলাদা, আইন সবার জন্য সমান নয় এবং বাকস্বাধীনতার সুরক্ষাকে অগ্রাধিকার দেয় না। অন্যদিকে সিঙ্গাপুরের শাসক দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং এশিয়ায় চীনের প্রভাবের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। কিন্তু এই দেশও অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ ছাড়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়।

মিশ্র অনুভূতি

এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার সংমিশ্রণ এবং নানা মতাদর্শ পরাশক্তিগুলোর প্রতিযোগিতাকে অভ্যন্তরীণ জটিল রাজনৈতিক প্রতিযোগিতার ভেতরে দিয়ে যেতে হয়। নেপাল এর যুতসই উদাহরণ হতে পারে। চীন এবং ভারত উভয়ই দেশটিতে প্রভাব তৈরির জন্য প্রতিযোগিতা করছে। ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে ভারত-বিরোধী মনোভাব বৃদ্ধি পেলে চীন একটি ঐক্যবদ্ধ নেপালি কমিউনিস্ট পার্টি ধরে রাখার চেষ্টা করছিল। চীনের এই প্রচেষ্টা নেপালি রাজনীতিতে চীনপন্থী প্রভাব তৈরির শঙ্কা তৈরি করেছিল। যদিও নেপালের রাজনীতি স্পষ্টভাবে চীনপন্থী বা ভারতপন্থী লাইনে স্থায়ীভাবে বাঁক নেয়নি। বরং দেশটিতে জোটগত কৌশল, ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা এবং ফেডারেলিজম, ধর্মনিরপেক্ষতা এবং সম্পদ বণ্টন নিয়ে লড়াই বড় হয়ে উঠেছে। বিদ্যমান প্রতিদ্বন্দ্বিতায় তৈরি হওয়া উপদলে ভেঙে পড়া থেকে ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টিকে ঠেকাতে বেইজিং ব্যর্থ হয়। ভারতও নেপালে রাজনৈতিক ফলাফলকে স্পষ্টভাবে প্রভাবিত করা কঠিন বলে মনে করছে। এমনকি সাম্প্রতিক বছরগুলিতে, ভারত দেশটির রাজনীতিতে প্রভাব তৈরির চেষ্টা থেকে সচেতনভাবে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে কোয়ালিশন সরকার এসেছে, গেছে, নেতারা চীন-ভারত উভয়ের সঙ্গে কাজ করেছেন। বলা যায়, দেশটির রাজনৈতিক ঐক্যের জায়গায় পরাশক্তির প্রতিযোগিতা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। 

এদিকে ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার নির্বাচনে রাজনীতিবিদদের প্রচারণায় মার্কিন-চীনা প্রতিযোগিতার কথা খুব একটা স্থান পায়নি। আবার আফগানিস্তান সরকারের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতে লিপ্ত থাকা এবং আফগান সীমান্তে পাকিস্তানি তালেবান বিদ্রোহের হামলা বাড়ার পরও গত বছরে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী বেজিংয়ের স্বৈরশাসকদের সঙ্গে অন্ধভাবে না থেকে যুক্তরাষ্ট্রের দিকে কিছুটা ঝুঁকেছে।

এশিয়ান দোদুল্যমান দেশগুলো মার্কিন-চীনা প্রতিযোগিতায় দৃঢ়ভাবে কোনো পক্ষ বেছে নেয় না সম্ভবত অর্থনৈতিক কারণে। এশিয়ান দেশগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর জোর দেয় এবং তারা যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা থেকে সুবিধা নেয়। যেমন- চীনের বাইরে নিজস্ব বাজার সরবরাহ চেইন তৈরি করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে৷ যদিও এই ধরনের প্রচেষ্টা চীনের সঙ্গে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশিও চলতে পারে। 

পরাশক্তির প্রতিযোগিতা সবসময় চলে না। যেমন এশিয়ায় চীন ও ভারতের প্রতিযোগিতা সব জায়গায় চলে না। এশিয়ার এই দুই প্রধান শক্তির মধ্যে প্রায়ই বিভিন্ন ইস্যুতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। কিন্তু তারাই স্থানীয় চাপে পরে প্রতিযোগিতার জায়গা থেকে সরে আসে। যেমন মিয়ানমারের ক্ষেত্রে চীন এবং ভারত একে অপরের বিরুদ্ধে সুবিধা চাওয়ার পরিবর্তে একই লক্ষ্য অনুসরণ করেছে। যৌথ অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলি রক্ষা এবং সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশই প্রাথমিকভাবে জান্তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিল। দেশ দুটি ভেবেছিল জান্তা বিভক্ত বিদ্রোহকে পরাজিত করতে পারবে। যদিও গত বছরব্যাপী সেই বিদ্রোহের প্রসার ঘটেছে এবং সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে। এতে চীন ও ভারত উভয়ই বিদ্রোহীদের কাছে দৌড় শুরু করে। 

তত্ত্বগত জটিলতা

গত এক দশকে এশিয়ার বেশ কয়েকটি দেশ-বিশেষ করে চীনের সঙ্গে যাদের স্থল ও সামুদ্রিক বিরোধ রয়েছে-তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বাধার চেষ্টা করেছে। এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং ওয়াশিংটনের উচিত এটিকে উৎসাহিত করা। এখন প্রশ্ন হলো যেসব দেশের প্রতি চীনের সরাসরি হুমকি খুব একটা নেই সেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কীভাবে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে এবং তা বজায় রাখবে?

এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের জন্য সুবিধা হলো, এশিয়ার দেশগুলির স্থিতিশীলতা এবং স্বায়ত্তশাসন তাদেরকে চীনের প্রক্সি রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে বাধা তৈরি করে। যদিও পর্যবেক্ষকরা এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশের ক্ষেত্রে প্রায়ই মালদ্বীপ এবং সলোমন দ্বীপপুঞ্জের কথা সামনে নিয়ে আসেন। এই দেশগুলি ভৌগোলিকভাবে কৌশলগত এবং তাদের উপর চীনের প্রভাব অনেকটা যুক্তিযুক্তও বটে। কিন্তু চীন অনেক বিস্তৃত আঞ্চলিক পরিবর্তনের কারিগর ধারণা করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চীনের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। মালয়েশিয়া এবং নেপালের তুলনায় এগুলি খুবই ছোট দেশ। আবার বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মতো ব্যাপক বিস্তৃত নয়।

এছাড়া চীন নিজেই স্থানীয় রাজনীতিকে মাথায় রেখে নিজেদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করে। যেসব বিষয় ঝুঁকি তৈরি করবে বলে মনে করে সেসব এড়িয়ে চলে। সাম্প্রতিক বছরগুলিতে বেইজিং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিভিন্ন প্রকল্পে—যেখানো কখনো কখনো উত্তেজনা তৈরি হচ্ছিল, সেখানকার শীর্ষ পদগুলোতে রদবদল করেছে। কেননা চীনের পুঁজির কারণে মিয়ানমার, পাকিস্তান এবং শ্রীলংকায় দেশটির রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতা বাড়বে বলে অনেকেরই আশঙ্কা ছিল।

এশিয়ার বৈচিত্র্যময় রাজনৈতিক ল্যান্ডস্কেপ চীনকে মোকাবিলা করতে হয়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়তি সুবিধা রয়েছে। তবে সফলভাবে তা প্রয়োগের জন্য কেস-বাই-কেস আগাতে হবে। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি একটি মূল্যবান কাঠামো তৈরি করে যার মাধ্যমে এশিয়ায় মার্কিন সরকারের প্রসারকে সমন্বিত করে এবং মিত্রদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। 

ওয়াশিংটনের সবচেয়ে কার্যকর হবে তারা যখন এশিয়ার কোনো দোদুল্যমান দেশ নিয়ে কাজ করবে তখন তাকে স্বায়ত্তশাসিত দেশ হিসেবে নিয়ে কাজ করতে হবে। যদি বেইজিং-ওয়াশিংটনের দাবার গুটি হিসেবে ওই দেশটিকে ভাবা হয় তবে পরিস্থিতি জটিল হবে। এশিয়ার অধিকাংশ দেশেরই বিভিন্ন দিক দিয়ে চাহিদা রয়েছে। তাই তারা যদি কোনো একটি দিক দিয়ে চীনের সঙ্গে লিঁয়াজো করার সিদ্ধান্তও নেয়, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্য কোনো দিক নিয়ে কাজের সুযোগ থাকে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন