গাজার নারীরা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: জাতিসংঘ
আউটলুক ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৯:১০ পিএম
গাজার নারীরা ইসরয়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়ে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলার কেন্দ্রে রয়েছে গাজার নারীরা। উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন মূলত নারীদের ওপর।
এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহয়ে ইসরায়েল যদি সামরিক হামলা চালায় তাহলে হাজার হাজার মানুষ মৃত্যুর ঝুঁকিতে থাকবে।
ইউএনআরডব্লিউএর বিবৃতি বলা হয়, ‘গাজায় প্রতিদিন ৩৭ শিশু তাদের মাকে হারাচ্ছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১০ হাজার নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৯ হাজার নারী।
সংস্থাটির দেওয়া তথ্যানুসারে, গাজায় ১ লাখ ৫৫ হাজারের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর জীবন ‘ভয়াবহ’ হয়ে উঠেছে। পানীয় জল ও স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা নিতে বর্তমানে নারীদের চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। শুক্রবার গাজার স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, ইসরালের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬২২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭৭ হাজার ৮৬৭জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় তিনটি বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যাতে ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। হামলায় অন্তত ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হন।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। তাদের সেনা আগ্রাসনে ক্রমবর্ধমান মৃত্যু, অনাহার ও অবকাঠামোর ক্ষতি মিলিয়ে এই কয়েক মাসে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা।
এদিকে বাইডেন প্রশাসন বলছে, বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরায়েল 'বিশ্বাসযোগ্য' পরিকল্পনা না দিলে তারা রাফাহ আক্রমণের বিরোধিতা করবে। উল্লেখ্য, ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে বাইডেন প্রশাসন।
