Logo
Logo
×

আন্তর্জাতিক

নির্বাচনে সুবিধা নিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল মোদি সরকার

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৮:১৮ পিএম

নির্বাচনে সুবিধা নিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল মোদি সরকার

ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আজ শনিবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে তুলে নেওয়া হলো, যখন ভারতের পেঁয়াজ বলয় বলে খ্যাত মহারাষ্ট্র রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। 

ভারতের গণমাধ্যম অনুসারে, পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা এখন প্রত্যাহার করা হয়েছে। ডিজিএফটি পেঁয়াজের জন্য ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) প্রতি টন ৫৫০ ডলার নির্ধারণ করেছে। যা বাংলাদেশি টাকায় ৬০ হাজার ১৯৫ টাকা।  গত বছরের ডিসেম্বরে ভারত সরকার ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে।

রপ্তানি নিষেধাজ্ঞার প্রায় ৫ মাস পর ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশসহ আরও পাঁচটি দেশকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। গত মাসে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে গতকাল শুক্রবার রাতে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করে ভারত। এর আগে, ২০২৩ সালের আগস্টে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক নির্ধারণ করেছিল। সেটি সে বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল। 

ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ ইস্যু। গত মাসে কংগ্রেস নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের অবহেলা করার অভিযোগ তুলেছিল। কংগ্রেসের ইশতেহারে কৃষকদের ওপর এ ধরনের বিপর্যয়কর নীতিগুলো রোধ করে একটি পূর্বাভাসযোগ্য আমদানি-রপ্তানি নীতি তৈরির কথা বলা হয়েছে।

ভারতের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় মহারাষ্ট্রে। এ রাজ্যের কৃষকেরা সব সময়ই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার বিপক্ষে। এই পেঁয়াজের বড় একটি অংশই দেশের বাইরে রপ্তানি হয়। এ ক্ষেত্রে বড় ক্রেতা বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ভুটান-শ্রীলঙ্কা। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন