জো বাইডেন। ছবি: সংগৃহীত
চীন ও রাশিয়ার পাশাপাশি প্রধান মিত্র ভারত ও জাপানকেও ‘বিদেশাতঙ্কগ্রস্ত’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদেশ আতঙ্কের কারণে দেশগুলো অভিবাসনের অর্থনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২ মে) নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব মন্তব্য করেন। খবর আল-জাজিরার।
বিদেশিদের প্রতি এই বৈরিভাব দেশগুলোর প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন বাইডেন। অভিবাসীদের নিয়ে মাসব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধনী দিনে তিনি বলেন, আমাদের অর্থনীতি বিকাশের অন্যতম একটি কারণ হলো আপনারা। কারণ আমরা অভিবাসীদের স্বাগত জানাই।
বাইডেন বলেন, চীনের অর্থনীতির হাল এত খারাপ কেন। জাপানে এত সমস্যা কেন। রাশিয়া ও ভারতের এই হাল কেন? কারণ তারা সবাই বিদেশাতঙ্কগ্রস্ত। তারা অভিবাসীদের চায় না। এই অভিবাসীরাই আমাদের এত শক্তিশালী করে তোলেছে।
জাপান ও ভারত সম্পর্কে বাইডেনের এই মন্তব্য বিস্ময়করও বটে, কারণ ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশ দুটির সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করছেন।
এই যেমন মাত্র তিন সপ্তাহ আগেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হোয়াইট হাউসে রাষ্ট্রীয় এক নৈশভোজে উপস্থিত ছিলেন। দেশ দুটি তখন নিজেদের ‘অবিচ্ছেদ’ অংশীদারিত্ব উদযাপন করেছিল। বাইডেন তখন বলেছিলেন, গণতন্ত্র এবং স্বাধীনতার মর্যাদার প্রতি যুক্তরাষ্ট্র এবং জাপান একই মূল্যবোধ ও একই প্রতিশ্রুতির চর্চা করে।
এদিকে, গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও রাষ্ট্রীয় সফরে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার দেশীয় নিরাপত্তা জোটের অন্যতম দুই সদস্যও এই জাপান ও ভারত।
অন্যদিকে, বাইডেনের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে হোয়াইট হাউস এই ব্যাপারে মুখ খুলে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট বিস্তৃত যে দিকটি তুলে ধরেছিলেন, আমি মনে করি সারা বিশ্বের মানুষ বিষয়টি স্বীকার করেন। আর তা হলো যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ এবং আমাদের ডিএনএতে এই ব্যাপারটি আছে।
তিনি আরও বলেন, আমাদের বন্ধুরাষ্ট্রগুলি খুব ভালো করে জানে মার্কিন প্রেসিডেন্ট তাদের কতটা সম্মান করেন, তাদের বন্ধুত্বকে ও তাদের অবদানকে কতটা মূল্যায়ন করেন।
এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে জাপান ও ভারতের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।
