২০২২ সালের ৩০ ডিসেম্বর। ভারতীয় গণমাধ্যমের গৌরবের কথা ভুলে যাওয়ার দিন। এই দিন চূড়ান্তভাবে হামলে পড়েন এক ধনকুবের। গৌতম আদানি। বহু বিতর্কিত এই ব্যবসায়ী তখন বিশ্বের তৃতীয় ধনী। তার আদানি এন্টারপ্রাইজের কবজায় চলে গেল বহুল জনপ্রিয়, প্রভাবশালী এনডিটিভি। মোট ৬৪.৭১ শতাংশ শেয়ারের মালিক হয় আদানির মিডিয়া সংস্থা এএমজি।
এনডিটিভি চূড়ান্ত্ভাবে শিকার করার কয়েক মাসে আগে এএমজির জন্য একজন নতুন সিইও এবং সরকারবান্ধব একদল সাংবাদিক নিয়োগ করেন আদানি।
আদানির পরবর্তী টার্গেট ছিল ‘দ্য কুইন্ট’ যা এনডিটিভির মতোই গৌরবের সঙ্গে প্রতিষ্ঠাবিরোধী ব্যাজ পরেছিল। ২০২৩ সালের ২৭ মার্চ এএমজি দ্য কুইন্টের মাদার কোম্পানি কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে।
গত ১৫ বছর বা তারও বেশি সময় ধরে, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) এবং আদানি এন্টারপ্রাইজের মতো শক্তিশালী কর্পোরেট বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া কোম্পানি অধিগ্রহণ করার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করেছে।
আম্বানি ও আদানিদের পক্ষে কাজ করেছে নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা। যেমন, দ্য কুইন্ট কুক্ষিগত করার আগে দেশটির কেন্দ্রীয় কর-কর্তৃপক্ষ উত্তর প্রদেশের নয়ডায় দ্য কুইন্টের অফিসে অভিযান চালায়। যখন সাংবাদিক বা গণমাধ্যম মোদি সরকারের সমালোচনা করে তখন সরকারি সংস্থাগুলো ট্যাক্স অভিযান, গ্রেপ্তার ও অন্যান্য জবরদস্তিমূলক পদক্ষেপ নেয়।
এর আগে ২০১৯ সালে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল, রিলায়েন্স গ্রুপ ভারতজুড়ে ৭২টি টেলিভিশন চ্যানেল নিয়ন্ত্রিত করছে। রিলায়েন্স সঙ্গে সঙ্গে নির্লজ্জভাবে বিবৃতি দেয় যে, ‘এটি হলো তাদের সুন্দরভাবে চলমান স্বাভাবিক একটি ব্যবসাকৌশল।’
সরকারও গণমাধ্যম নিয়ন্ত্রণে তার অভিপ্রায় গোপন রাখেনি।
ইউটিউব, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) ইত্যাদির মতো প্ল্যাটফর্মজুড়ে সরকার-বিরোধী পোস্টগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে।
সম্প্রতি এক্স কয়েক ডজন অ্যাকাউন্ট ব্লক করেছে যারা কৃষকদের সমর্থন করে কৃষিমূল্যের বিষয়ে সরকারি নীতির প্রতিবাদ করে।
কাগজে-কলমে ভারত বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় মিডিয়া বাজারগুলোর মধ্যে একটি। এ দেশে এক লাখ ৪০ হাাজরের বেশি নিবন্ধিত সংবাদপত্র ও সাময়িকী রয়েছে। এর মধ্যে ২২ হাজারের বেশি দৈনিক সংবাদপত্র। এগুলো ১৮৯ ভাষা-উপভাষায় প্রকাশিত হয়। ৯০০টির বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৫০টির বেশি নিউজ চ্যানেল। সেগুলোর বেশিরভাগই ২৪ ঘণ্টা সম্প্রচার করে। ৮৫০টির বেশি এফএম রেডিও চ্যানেল রয়েছে, যার মধ্যে শুধু রাষ্ট্র মালিকানাধীন অল ইন্ডিয়া রেডিওকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।
আর ব্রডব্যান্ড ইন্টারনেট দ্রুত সম্প্রসারণের ফলে ইদানীং ডিজিটাল নিউজ মিডিয়ারও বিস্ফোরণ ঘটতে যাচ্ছে।
কিন্তু এখন দিন দিন হুমকি হয়ে দাঁড়াচ্ছে গুটিকয়েক ধনকুবের, তাদের করপোরেট যজ্ঞ, যা ভয়ের কারণ। বিষয়টা এভাবে দেখা যাক। একটি গবেষণায় দেখা গেছে, মিডিয়ার বাজারে এনডিটিভি, কুইন্ট, দৈনিক জাগরণ, হিন্দুস্তান, অমর উজালা, দৈনিক ভাস্কর—এমন অল্প কিছুর দিকেই প্রতি চারজনের মধ্যে তিনজনের নজর রয়েছে। আর তাদের উল্লেখযোগ্য অংশকে নিয়ন্ত্রণ করে অল্প কয়েকটি শক্তিশালী দল বা কয়েকজন ধনকুবের।
[নেপালের ডিজিটাল গণমাধ্যম ‘সেতোপাতি’তে প্রথম প্রকাশিত]
