রবীন্দ্র মল্লিক। ছবি: স্ক্রল.ইন
২০১৬ সালের সেপ্টেম্বরের এক সকালে রবীন্দ্র মল্লিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ সেদিন সকালে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়া-ই যে পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে আসামের অক্সিগুড়িতে অবস্থিত নিজ গ্রাম থেকে ৭০ কিলোমিটারেরও বেশি দূরের ভারত-ভুটান সীমান্তের এক পুলিশ ফাঁড়ির বন্দি শিবিরে নিয়ে যাওয়া হয়। পরের চার বছর মল্লিককে ওই বন্দি শিবিরেই বিদেশি হিসেবে বন্দি থাকতে হয়। শুধু রবীন্দ্র একাই নন, সেখানে আসামের আরও কয়েক হাজার বাংলাভাষী বাসিন্দা ছিলেন, যাদেরকে বিদেশি সাব্যস্ত করা হয় এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে আসামে যাওয়ার অভিযোগে ওই বন্দি শিবিরে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সদস্যের সংগ্রাম ও রাষ্ট্রীয় নানান যাতনার কাহিনী নিয়ে সংবাদমাধ্যম স্ক্রল .ইনের ভিউ ফ্রম দ্য মার্জিনে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এবারের ভিউ ফ্রম দ্য মার্জিনে আসামের রবীন্দ্র মল্লিকের কাহিনী স্থান পায়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে আসামে প্রবেশ করেছে—এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরেই আসামের রাজনীতির প্রধান অঙ্গ হয়ে উঠেছে। গত এক দশকে মোদীর শাসনামলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জাতীয় নাগরিক নিবন্ধনের প্রতিশ্রুতির দেওয়ার মাধ্যমে এই অভিবাসন রাজনীতিকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে।
রবীন্দ্রের মতো লোকেদের জন্য এ বড়ই বেদনার, বড়ই যন্ত্রণার। কারণ তারা যে এই রাজনীতির খেসারত বয়ে বেড়াচ্ছেন এবং তাদের এই বেদনা-দুর্ভোগ অনেকটাই বিস্মৃত।
অনিশ্চিত এক জীবন
২০১৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারিতে ট্রাইব্যুনাল (অবৈধ অভিবাসন বিচার সংক্রান্ত ট্রাইব্যুনাল ফরেনার্স ট্রাইব্যুনাল) এক পক্ষীয় আদেশে রবীন্দ্র মল্লিককে ‘বিদেশি’ সাব্যস্ত করে। মামলাটি যেহেতু একপক্ষীয়, তাই মামলায় তিনি কোনো পক্ষও ছিলেন না। যদিও বাংলাদেশ থেকে আসার অভিযোগ তিনি জোর দিয়ে অস্বীকার করেছেন।
তিনি বলেন, আমার বাবা কোচবিহারের [পশ্চিমবঙ্গের] বাসিন্দা ছিলেন। যদিও ১৯৬৬ এবং ১৯৭০ সালের ভোটার তালিকায় তার (বাবার) নাম আসামের অক্সিগুড়ি গ্রামের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। ১৯৬৬ সালে আমার বাবার বয়স ছিল ২৬ বছর।
রবীন্দ্র মল্লিকের প্রশ্ন, ১৯৬৬ সালের ভোটার তালিকায় যখন তার বাবার নাম আছে, তাহলে তিনি কীভাবে বিদেশি হন?
সংবাদমাধ্যম স্ক্রল.ইনও ১৯৬৬ এবং ১৯৭০ সালের ভোটার তালিকার নথি দেখেছে।
রবীন্দ্র মল্লিকের বয়স এখন ৬১। জ্বালানি কাঠ বিক্রি করে অর্থনৈতিকভাবে অনিশ্চিত এক জীবিকা নির্বাহ করেন। থাকেন মাটি, বাঁশ ও ঢেউটিনের তৈরি ঘরে।
রবীন্দ্র মল্লিক হাইকোর্টে ট্রাইব্যুনালের ওই আদেশের চ্যালেঞ্জ করেন। তিনি দাবি করেন, দরিদ্র্য এবং আইন না বোঝা মামলা লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। তার ছোট ভাই খগেন্দ্র মল্লিক জানান, তারা দুইবার নোটিশ পেয়েছেন, কিন্তু দারিদ্র্য ও অশিক্ষার কারণে তা খুব একটা গুরুত্বের সঙ্গে নেননি।
খগেন্দ্র আরও জানান, তারা বুঝতে পারেননি নোটিশগুলি না মানলে এবং মামলা না লড়লে বন্দি শিবিরে যেতে হবে। তিনি আদালতের কার্যক্রম বুঝতে পারেননি। যদিও হাইকোর্ট তাদের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং একে ‘অগ্রহণযোগ্য যুক্তি’ বলেছে।
ফলে রবীন্দ্র মল্লিককে প্রায় চার বছর অবরুদ্ধ জীবন কাটাতে হয়। বন্দি শিবিরের ভয়ঙ্কর অবস্থায় তার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। রবীন্দ্র মল্লিক বলেন, এক রুমে আমরা একসাথে ৫০ থেকে ৮০ জন ছিলাম। আমাদের পোকায় খাওয়া চাল দিয়ে ভাত খেতে হতো। আমি শক্তি হারিয়ে ফেলেছি। এখন আর আমি কাজ করতে পারি না।
পরবর্তীতে ২০২০ সালে সুপ্রিম কোর্ট বন্দি শিবিরগুলোতে যারা তিন বছরের বেশি বিন্দি ছিলেন, তাদের মুক্তির নির্দেশ দেয়। ফলে রবীন্দ্র মল্লিকও মুক্তি পান। তবে এই মুক্তিতে শর্ত ছিল, সপ্তাহে একবার থানায় গিয়ে হাজিরা দিতে হবে।
অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে এই হাজিরা দেওয়াও রবীন্দ্র মল্লিকের জন্য বাড়তি এক বোঝা। তিনি বলেন, প্রায় ২০ কিলোমিটার দূরের থানায় আসা যাওয়ার জন্য আমাকে ১০০ রুপি খরচ করতে হয়। আমাকে মুক্তি দেওয়া উচিত ছিল। আমরা গরীব মানুষ। কত দিন আমাকে এইভাবে থানায় আসা যাওয়া করতে হবে?
বহিরাগত বিবেচনার রাজনীতি
মল্লিকের কারাবরণ আসামের জাতিগত রাজনীতির দীর্ঘ ইতিহাসের একটি ফল। বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরাই এই রাজনীতির শিকার হয়। রবীন্দ্র মল্লিক বলেন, আমরা বাঙালি জানার পর থেকেই আমাদের ওপর নির্যাতন চলছে। কেবল বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদেরই বহিরাগত বিবেচনা করা হয়। অসমিয়ারা এর মুখোমুখি হয় না।
গত এক দশকে আসামে তথাকথিত বহিরাগত ধারণা ঘিরে বহু হৈ চৈ দেখা গেছে। ২০১৮ সালে আসামের সব বাসিন্দার নাগরিকত্ব যাচাই করে একটি খসড়া জাতীয় নাগরিক নিবন্ধন প্রকাশ হয়েছিল। পরে দেখা যায়, সেই তালিকা থেকে ১৯ লাখেরও বেশি বাসিন্দা বাদ পড়েছেন।
ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছর ভিত্তিক বন্দির সংখ্যা হিসাব করে দেখা যায়, ২০১৪ সালের পর থেকে বন্দি শিবিরগুলোতে বন্দির সংখ্যা বাড়তে থাকে।
আর বেশিরভাগ বন্দিই আসামের বাসিন্দা, যাদেরকে রাজ্যের আধা-বিচারিক ফরেনার্স ট্রাইব্যুনাল ‘ডি-ভোটার’ বা ‘সন্দেহজনক ভোটার’ হিসেবে চিহ্নিত করে এবং অবৈধভাবে ভারতে প্রবেশে দায়ী করে। ২০১৪ সালের পর এই ধরনের ট্রাইব্যুনালের সংখ্যা তিনগুণ বেড়েছে।
বিজেপিকে ভোট না দিলে কাকে দেব?
২০১৪ সালের নির্বাচনের আগে আসামের বাঙালি হিন্দুদের ভোট চাওয়ার সময়, নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি বন্দি শিবিরগুলো বন্ধ করে দেবেন। যদিও রবীন্দ্র মল্লিক আফসোস করে বলছেন, ‘কিসুই তো হইলো না। কিছুই করা হয়নি। বরং আমাকে বন্দি শিবিরে পাঠানো হয়েছিল।’
নিজেদের বাক্সে রাজ্যের বাঙালি হিন্দুদের ভোট টানার চেষ্টায় মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নামে নতুন একটি আইনও করেছিল। এই আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অবৈধভাবে আসা অমুসলিম অভিবাসীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ দেয়।
যদিও এই আইনও রবীন্দ্র মল্লিককে সন্তুষ্ট করতে পারেনি। কারণ ভারতে জন্মগ্রহণ করার পরও তাকে বাংলাদেশি ঘোষণা করায় তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার জন্ম ভারতে। আমার পূর্বপুরুষরা ছিলেন কোচবিহারের। আমি কেন সিএএ-এর অধীনে আবেদন করব?
এর কিন কোনো আইনি সমাধান আছে, প্রশ্ন রেখে রবীন্দ্র মল্লিক হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতে জন্মগ্রহণ এবং নথিপত্র থাকা সত্ত্বেও আমাকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করা হয়। কত বছর আমি এই মামলা লড়ব? আমি কি ১০ বছর বাঁচব? সরকার যদি সাহায্য না করে ভোট দিয়ে তাহলে লাভ কি?
যদিও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই রবীন্দ্র মল্লিককে বন্দি শিবিরে পাঠানো হয়েছিল। তারপরও আসামের অনেক বাঙালি হিন্দুর মতো, তার পরিবারও এখনো বিজেপিকে সমর্থন দিয়ে যাচ্ছে।
রবীন্দ্র মল্লিক বলেন, আমরা এখনও বিজেপিকে ভোট দেব। কেন তিনি এখনো বিজেপিকে সমর্থন করছেন জানতে চাইলে তিনি বলেন, বিজেপিকে ভোট দেব না, তবে কাকে দেব?
আসামের বাঙালি হিন্দুদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে বিজেপিকে রাজ্যের অসমিয়া জাতীয়তাবাদীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ রবীন্দ্র মল্লিকের। তিনি বলেন, মোদী বাঙালি হিন্দুদের দেখভাল করতে চান, কিন্তু অসমিয়া গোষ্ঠীগুলির চাপের কারণে তিনি তা করতে পারেন না।
