ভারতের বেশিরভাগ এলাকা কয়েক সপ্তাহ ধরে ভয়ংকর দাবদাহে পুড়ছে। এর মধ্যেই নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উত্তপ্ত এপ্রিল মাস পার করেছে দক্ষিণ ভারত। এর আগে গত ১২২ বছরের উষ্ণতম মার্চ দেখেছে ভারত। এদিকে তাপমাত্রায় ৫১ বছরের রেকর্ড ভেঙেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। গত শুক্রবার এই শহরে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েকদিনে রেকর্ডভাঙা তাপমাত্রা দেখেছে ভারতের তিনটি বড় শহর - বেঙ্গালুরু, কলকাতা এবং মুম্বাই। সামগ্রিকভাবে দক্ষিণ ভারতে এবারের এপ্রিল মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৬ সালের রেকর্ডভাঙা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সামান্য কম। ওই বছর ১৯০১ সালের পুরোনো রেকর্ড ভেঙেছিল এপ্রিলের গড় তাপমাত্রা। এ বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করেছে বেঙ্গালুরু।
