করপোরেট বিশ্ববিদ্যালয় এবং গণতন্ত্রের দেশে ভিন্নমত দমনের চেহারা
ডেভিড সুলজ
প্রকাশ: ০১ মে ২০২৪, ০৯:২৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ হয়েছিল। প্রতিবাদ করে চার ছাত্র খুন হয়েছিলেন। সেই ট্র্যাজেডির অর্ধশত বছর পর এসে আবার দেশটিতে প্রতিবাদ-বিক্ষোভ দেখা যাচ্ছে। এবার শুধু কেন্ট স্টেটের মতো দু-একটি ইউনিভার্সিটি নয়, পুরো মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ দেখা দিয়েছে। এবং একই কায়দায় সেই বিক্ষোভ থামাতে দমন-পীড়ন শুরু করেছে দেশটির শাসকশ্রেণি।
যে দেশ তাবৎ দুনিয়ায় গণতন্ত্রের প্রশ্নে হুমকি-ধমকি দিয়ে বেড়ায়, তারা তাদের দেশের কচি শিক্ষার্থীদের সঙ্গেও মতবিরোধের প্রশ্নে দমনের পথই বেছে নিয়েছে। একমাত্র তা-ই তারা শিখেছে। এ কেমন প্রহসন!
ষাটের দশকে আমেরিকায় ছাত্র বিক্ষোভের জন্ম হয়েছিল রাজনৈতিক ক্ষোভ থেকে। কলেজ শিক্ষার্থীরা ভোট দিতে পারত না। আমেরিকান নির্বাচন বা রাজনীতিতে তাদের অধিকার ছিল না। তাদের কলেজেও তাদের কথা শোনা হতো না। তাদের জীবন যারা পরিচালনা করত সেই প্রতিষ্ঠানগুলোর ওপর তারা কিছু নিয়ন্ত্রণ দাবি করেছিল। কিন্তু অল্পকিছু নাগরিক অধিকার চাইতে গিয়ে তাদের দমন-পীড়নের মুখে পড়তে হয়।
কলেজ প্রশাসকরা প্রথমে শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করেন। এরপর তারা ক্যাম্পাস পুলিশ দিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর রিগ্যান ও ওহাইওর গভর্নর রোডসের মতো রাজনীতিবিদরা আরও জোর প্রতিক্রিয়া দেখান। তারা প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে ছাত্র বিক্ষোভকে পুঁজি করতে চেয়েছিলেন। তারা নীরব সংখ্যাগরিষ্ঠের পক্ষে কথা বলার দাবি করেন এবং যারা ভিন্নমত পোষণ করে তাদের অ-আমেরিকানদের কাতারে ফেলে রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করেছিলেন।
আমেরিকার কলেজ ক্যাম্পাসজুড়ে তাদের সমাধান ছিল শক্তি প্রদর্শন। অবশেষে তারা ন্যাশনাল গার্ড তলব করেন, যার মর্মান্তিক ফল কেন্ট রাজ্যে চার শিক্ষার্থীকে হত্যা। এ নিয়ে নিল ইয়ং গেয়েছেন, ‘নিক্সন আর পুতুলসেনারা আসছে…ওহিওতে চারজন মারা গেছে’।
সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। তাদের বোঝা উচিত ছিল, ছাত্রদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, তাদের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে, বলপ্রয়োগ মতপার্থক্য মোকাবেলা করার মাধ্যম নয়।
তাদের এটাও শেখা উচিত ছিল যে, বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিকভাবে দায়িত্বশীল হতে হবে। বিশ্ববিদ্যালয় বেসরকারি কর্পোরেশন নয়। তারা সামাজিকভাবে দায়বদ্ধ। তাদের নৈতিকভাবে কাজ করার দায়িত্ব রয়েছে। তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করার দায়িত্ব রয়েছে।
কিন্তু উনিশ ষাটের দশকে যা দেখা গেল, ভণ্ডামি দূর করার পরিবর্তে, মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখানোর পরিবর্তে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে কর্পোরেট করা হলো। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে স্কুলগুলো ভেবেছিল তারা ক্যাম্পাসে ভিন্নমতের সমাধান করতে শিখেছে। বস্তুত, পাঠ্যক্রম, অনুষদ ও ছাত্রদের নিয়ন্ত্রণ করার জন্য মেকানিজম খুঁজতে তারা আরও বেশি কর্পোরেট কাঠামো গ্রহণ করেছে। তারা সব নিয়ম-কানুন আয়ত্ত করেছে ভিন্নমতকে নিরুৎসাহিত করার হাতিয়ার হিসাবে।
ফলে কর্পোরেট ইউনিভার্সিটি বেসরকারি পণ্যে পরিণত হেয়ছে। শিক্ষার্থীদের ঋণ নিতে বাধ্য করেছে এবং বাজারের চাহিদা অনুযায়ী তাদের শৃঙ্খলবদ্ধ করেছে। কর্পোরেট ইউনিভার্সিটি দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের ক্ষেত্রে নিরপেক্ষ না হওয়ায় নিজেই নিজের জন্য সমস্যা হিসেবে গড়ে উঠেছে।
উনিশ ষাটের দশকে রাজনীতিবিদগণ বা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কথা মোটেও আমলে নেয়নি। তারা বরং আমেরিকাকে ভিয়েতনাম যুদ্ধে ঠেলে দেয়। এই যুদ্ধ আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করেছিল যা চেয়েছিলেন সে সময়ে রাজনীতিবিদরা। এখন আবার তেমনি দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ও স্পিকার মাইক জনসনের মতো রাজনীতিবিদরা বিক্ষোভের নিন্দা করছেন। ন্যাশনাল গার্ড তলব করে শিক্ষার্থীদের বক্তব্য বন্ধ করতে বলছেন। আবারও এককটি যুদ্ধ (মধ্যপ্রাচ্য নিয়ে) রাষ্ট্রপতির প্রচারণাকে প্রভাবিত করবে। আগামী নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন।
এটা ট্র্যাজেডির চেয়ে বেশি কিছু। এটা প্রহসন। [কাউন্টারপাঞ্চ থেকে]
ডেভিড সুলজ: অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হ্যামলাইন বিশ্ববিদ্যালয়। তিনি ‘প্রেসিডেন্সিয়াল সুইং স্টেটস: হোয়াই অনলি টেন ম্যাটার’-্এর লেখক।
