Logo
Logo
×

আন্তর্জাতিক

বাইডেনের গাজানীতি ভুল মনে করেন ৭১ শতাংশ মার্কিনি

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম

বাইডেনের গাজানীতি ভুল মনে করেন ৭১ শতাংশ মার্কিনি

আগামী নভেম্বরের মার্কিন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে ফিরে আসার জন্য লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেশ কয়েকটি ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তারপরও এক জরিপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তায় ধ্বসের পেছনে তাঁর গাজানীতি দায়ী বলে মনে করে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।

ওই জরিপে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সবচেয়ে দুর্বল জায়গাগুলো উঠে এসেছে। নতুন জরিপে ৬০ শতাংশ মানুষ তার নীতিমালা ও কার্যক্রমে 'ডিসাপ্রুভাল' (অসম্মতি) জানিয়েছেন। বাকি ৪০ শতাংশ মনে করেন তিনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন। আর ৭১ শতাংশ ভোটার মনে করেন গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে বাইডেন ভুল নীতি অবলম্বন করেছেন। মাত্র ২৮ শতাংশ মার্কিন নাগরিক তার অবলম্বন করা নীতি সমর্থন করেন।

এদিকে ৩৫ বছরের কম বয়সী মানুষের ক্ষেত্রে অসম্মতির হার ৮১ শতাংশ। শুধু ডেমোক্র্যাটদের মধ্যে এই হার ৫৩ শতাংশ। অন্যান্য সমালোচিত বিষয়ের মধ্যে আছে স্বাস্থ্যসেবা নীতিমালা ও শিক্ষার্থীদের ঋণের ব্যবস্থাপনা। উভয় বিষয়ে বাইডেনের নীতি যথাক্রমে ৪৫ ও ৪৪ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। অর্থনীতি (৩৪ শতাংশ) ও মূল্যস্ফীতির (২৯ শতাংশ) ক্ষেত্রেও বাইডেনের নীতিমালার প্রতি সম্মতির হার খুবই কম। 

অপরদিকে বেশির ভাগ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্পের শাসনামলের চার বছর ভালো ছিল। তিনি বাইডেনের তুলনায় সফল প্রেসিডেন্ট ছিলেন। ৫৫ শতাংশ মার্কিনি বলেছেন, ট্রাম্প সফল ছিলেন। অন্যদিকে ৪৪ শতাংশ বলেছেন, তিনি ব্যর্থ ছিলেন।

জরিপে নিবন্ধিত ভোটারদের ৪৯ শতাংশই ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। জানুয়ারির জরিপেও একই ফল ছিল। অপরদিকে, বাইডেনের সমর্থন কমে ৪৩ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ৪৫ শতাংশ ছিল।

অপরদিকে, জো বাইডেনের প্রেসিডেন্ট পদের মেয়াদ এখনো শেষ না হলেও ইতোমধ্যে ৬১ শতাংশ মানুষ বলছেন তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বাকি ৩৯ শতাংশ একে সফল বলেছেন। তবে ২০২২ সালের জানুয়ারিতে ৫৭ শতাংশ মানুষ তার মেয়াদের প্রথম বছরটিকে 'ব্যর্থ' ও ৪১ শতাংশ 'সফল' বলেছিলেন।

এক সময় রিপাবলিকান পার্টিতে ট্রাম্পকে নিয়ে আলোচনা-সমালোচনা ছিল। তবে এখন দলের নেতা-কর্মীরা তার নেতৃত্বে একতাবদ্ধ হয়েছেন। দলের বেশিরভাগ সদস্য মনে করেন, তার আগের শাসনামল সফল ছিল। ৯২ শতাংশ রিপাবলিকান সমর্থক মনে করেন ট্রাম্প সফল ছিলেন। অপরদিকে, মাত্র ৭৩ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বাইডেনের শাসনামলকে সফল বলেছেন। নিরপেক্ষদের মধ্যে ৫৭ শতাংশ বলেছেন ট্রাম্প সফল। মাত্র ৩৭ শতাংশ বলেছেন বাইডেন সফল।

এদিকে ১৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন দুই প্রেসিডেন্টই ব্যর্থ। ৮ শতাংশ দুজনকেই সফল মনে করেন। নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ মনে করেন বাইডেনের শাসন এখন পর্যন্ত ব্যর্থ ও ট্রাম্পের শাসন সফল ছিল। অপরদিকে ৩০ শতাংশ বলেছেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন সফল আর ট্রাম্প ব্যর্থ ছিলেন।

১৮ থেকে ২৩ এপ্রিল এই জরিপ পরিচালনা করে সিএনএন। এতে দৈবচয়ন ভিত্তিতে এক হাজার ২১২ প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। অনলাইনে বা টেলিফোনের মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালনা করে এসএসআরএস।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন