Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের নির্বাচনী ‘পরামর্শকদের’ গোপন বাহিনী

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পিএম

ভারতের নির্বাচনী ‘পরামর্শকদের’ গোপন বাহিনী

যাত্রীবাহী একটি বিমান পূর্ণ করতে কয়টি টেনিস বল লাগবে?

নীরাজ (ছদ্মনাম) ভারতের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে অর্থনীতিতে স্নাতক পাস করা তরুণ। চাকরির ইন্টারভিউতে নীরাজকে উপরের গাণিতিক সমস্যাটির সমাধান করতে ১৫ মিনিট সময় দেয় ন্যাশন উইথ নমো (এনডব্লিউএন)। ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভ্যন্তরীণভাবে বিভিন্ন রাজনৈতি ইস্যুতে পরামর্শ দেওয়া প্রতিষ্ঠানগুলোর একটি হলো এনডব্লিউএন। সঠিক উত্তর দিয়ে ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা কয়েকজনকে নিয়ে গঠিত একটি ছোট দলে যোগ দেন নীরাজ। এই দলটিকে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পাঠানো হয়েছিল। তাদের কাজ ছিল নির্বাচনের জন্য সমীক্ষা চালানো, ভোটার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা। 

তাদের কাজ ছিল কে বিজেপিকে ভোট দিচ্ছে না তা চিহ্নিত করে জনতাত্ত্বিকভাবে আলাদা করা। যেমন তাদের বয়স, লিঙ্গ, বর্ণ, উপজাতি ও ধর্ম। তারপর তাদের সর্বজনীন একটি সমস্যা খুঁজে তা সমাধানের মাধ্যমে কিভাবে তাদের ভোট বিজেপির পক্ষে আনা যায় তার কৌশল বের করা। আর এসব কিছুই করতে হয়েছিল দলের তত্ত্ববধানে থেকে। 

সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় ছদ্মনামে কথা বলেন নীরাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মধ্য দিয়ে যাই, তারা সমস্যা সমাধানে ভালো হয়ে থাকে। 
ভারতের বেশিরভাগ শীর্ষ সরকারি ইঞ্জিনিয়ারিং, আইন ও ব্যবস্থাপনা কলেজে ভর্তির জন্য অল ইন্ডিয়া এক্সাম দিতে হয়। ২৩টি আইআইটি ইনস্টিটিউটে ভর্তির জন্য জেইই সহ লাখ লাখ শিক্ষার্থী ওই ভর্তি পরীক্ষায় অংশ নেন। মাত্র ২-৩ শতাংশই ওই ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পায়। নীরাজ সেই কয়েকজনের একজন। 

সম্প্রতি ভারতের শীর্ষ ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস স্কুল থেকে পাস করা শত শত স্নাতক পাস শিক্ষার্থী রাজনৈতিক প্রচারণার কর্মী হিসেবে যোগ দিচ্চেন। মূলত ভালো কর্পোরেট চাকরি পাওয়ার আগের সময়টুকুতে তারা স্বল্প সময়ের জন্য এই কাজ করেন। বিভিন্ন রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা তাদের স্বল্প মেয়াদে আকর্ষণীয় বেতনে চাকরি দিয়ে থাকে। তাই বলে আইআইটি থেকে পাস করে নির্বাচনী পরামর্শক বনে যাওয়া?

এই আইআইটি থেকে পাস করেই গুগলের সিইও হন সুন্দর পিচাই, এক্সের (টুইটার) সিইও হন পরাগ আগরওয়াল বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করে পেপসিকোর সিইও হয়েছিলেন ইন্দ্রা নুইয়ের। কিন্তু গত কয়েক বছরে ক্যাম্পাস থেকে নিয়োগ কমেছে। বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাই বেড়ে যাওয়াই এই পরিস্থিতি তৈরি হয়। 

এসব প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা ভারতের মতো বড় দেশের বিপুল ভোটারদের তথ্য বিশ্লেষণের ক্ষমতা রাখে। জাতীয়, আঞ্চলিক ও স্বতন্ত্র প্রার্থীরা এই ধরনে বিশ্লেষণী জ্ঞানসম্পন্ন লোকবল খুঁজেন। যার বাজার প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের। 

এসব প্রতিষ্ঠান থেকে স্নাতকদের আকৃষ্ট করতে বেশিরভাগ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা অল্প সময়ের জন্য বিশেষ সুবিধা দিয়ে ফেলোশিপ অফার করে। 

দিল্লিতে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা পলিটিক অ্যাডভাইজারের পরিচালক কম্পিউটার ইঞ্জিনিয়ার অঙ্কিত লাল বলেন, এই কাজে কিছু ক্ষেত্রে ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকার আকর্ষণও আকৃষ্ট করে।

তাদের কাজ কি

ফিরে যাওয়া যাক নীরাজের গল্পে। গত ফ্রেব্রুয়ারিতে ভারতের ছোট রাজ্য ত্রিপুরায় কাজ করে নীরাজদের এনডব্লিউএনের দলটি দেখায়, রাজ্যের অমরপুর নির্বাচনী আসনের চাবিমুড়াসহ কয়েকটি আদিবাসী এলাকায় বসবাসকারী ভোটাররা অন্যান্য দলের ভোটার। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে চাবিমুড়ায় যেতে পাড়ি দিতে হয় দীঘ পথ। পাহাড়-পবর্তের গা ঘেঁষে সড়কপথে এবং ইঞ্জিনচালিত নৌকায় গোমতী নদী পাড়ি দিয়ে পৌঁছাতে হয় চাবিমুড়ায়। সেখানকার ‘ত্রিপুরার আমাজন’ হিসেবে পরিচিত দুর্গম, বৃষ্টি-নিভৃত অঞ্চলে কয়েক শতাব্দী ধরে বাস করে জামাতিয়া উপজাতির সদস্যরা।

চাবিমুড়ায় মাঠ জরিপে নীরাজদের দল দেখে, এলাকায় কয়েকটি প্রভাবশালী জামাতিয়া পরিবার আছে। তারা পুরো উপজাতীয় ভোটারদের প্রভাবিত করতে পারবে। নীরাজ বলেন, তারা বেশ দরিদ্র এবং তারা চেয়েছিল তাদের বাড়ির চারপাশে সীমানা প্রাচীর হোক। 

তিনি বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে এই প্রাচীর নির্মাণের সুপারিশ করার দুই থেকে তিন দিন পরে, জামাতিয়া উপজাতির সদস্যদের প্রায় ৮০টি বাড়িতে চার ফুট উঁচু মাটির সীমানা প্রাচীর দেওয়া হয়। বাড়তি প্রণোদনা হিসেবে একজোড়া করে ছাগল দেওয়া হয়। আর ওই প্রাচীরগুলো হয়ে উঠেছিল দলীয় প্রচারের ক্যানভাস। কারণ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় প্রার্থীর প্রতিকৃতি আঁকা হয়েছে। বিজেপির ত্রিপুরা মুখপাত্র অবশ্য এসব নিয়ে কথা বলতে আল জাজিরার অনুরোধের জবাব দেননি।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি যে কোনো সময় এই প্রাচীর তৈরি করতে পারত। কিন্তু একটি দেশের যেখানে ৮০০ মিলিয়ন মানুষ বিনামূল্যে বা ভর্তুকিমূল্যে খাবারের উপর বাঁচে, সেখানে এক জোড়া ছাগল এবং একটি সীমানা প্রাচীর জীবন পরিবর্তনকারী সুবিধাই বলা যায়। যার বিনিময়ে ভোট মেলে।

এনডব্লিউএনে কাজ করা আইআইটি থেকে পাস করা আরেক কর্মী নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে বলেন, রাজনীতিতে ভোটই একমাত্র বিনিময় মুদ্রা। সারা দেশে সবার একটি মাত্র ভোট। প্রত্যেকটি মানুষ কোন অবস্থায় সেই ভোট দেয় আমাদের সব কর্মকাণ্ড সেটা জানার জন্যই।  

ভোটারদের ঘুষ দেওয়া অপরাধ এবং নির্বাচনী আইনের লঙ্ঘন—যার ফলে জেল হতে পারে। এমনকি নির্বাচনও বাতিল হতে পারে। কিন্তু দলগুলো যখন ভোটারদের মত পাল্টাতে এরকম তৃতীয় পক্ষ নিয়োগ করে তখন এসব অভিযোগ প্রমাণ করা কঠিন এবং তদন্তেরও বিষয়। অমরপুর আসনে ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) প্রতিদ্বন্দ্বীকে অল্প ব্যবধানে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী। 

এদিকে, গত ১৯ এপ্রিল থেকে ৪৪ দিনব্যাপী ভারতের জাতীয় নির্বাচন শুরু হয়েছে। এর আগে কয়েক মাসব্যাপী আইনজীবী, গবেষক, এমবিএ ও আইআইটি থেকে পাস করা সেনাদের নিয়ে গঠিত বিভিন্ন পরামর্শক সংস্থা তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের প্রচারাভিযানের কৌশল ঠিক করতে এবং কিসে জোর দিতে হবে তার লক্ষ্যে ভোটারদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে ব্যস্ত ছিলেন। শুধু তাই নয়, কোথায় ভোটরদের উপহার দিতে হবে, কোথায় মেরুকরণ করে বক্তৃতা দিয়ে মাঠ গরম করতে হবে এবং কোথায় সামাজিক মাধ্যমে ভোটার টানতে ভুয়া খবর ছাড়তে হবে তাও ঠিক করে এই ভাড়াটে দল। 

ভারতীয় গণতন্ত্রের নেপথ্যে কাজ করা এই ছেলেগুলো, যাদের আর্থিক সুবিধা ও জয়ের রোমাঞ্চ ছাড়া রাজনীতির এই খেলায় কোনো অংশগ্রহণ নেই, তারা নিজেদেরকে ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ সমস্যা সমাধানকারী’ আখ্যা দেয়। 

আল-জাজিরার সঙ্গে কথোপকথনে তারা স্বীকারও করেছেন, ভোট পেতে তাদের এবং তাদের দলগুলির কিছু কাজ গণতন্ত্রের জন্য নেতিবাচকও হতে পারে। তবে তারা এও বলেছেন, তাদের কোনো পক্ষপাত নেই এবং তারা শুধু সমস্যাটি সমাধানেই মনোনিবেশ করেছিলেন।

অত্যন্ত অস্বচ্ছ প্রভাববিস্তারী কর্মকাণ্ড

রাজেশ (ছদ্মনাম) আইআইটি থেকে পাস করা আরেক প্রকৌশলী। কংগ্রেসের জন্য পরামর্শক হিসেবে কাজ করা ১২ জনের একটি দলের নেতৃত্ব দেন। তার জীবন এখন শুধু তথ্য নিয়ে চলছে। তার মাথা ও অফিসের কম্পিটার, সবখানে শুধু তথ্য। 

সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত মাঠ সহযোগী রাজেশ এবং তার দলকে ভোটারদের পছন্দের প্রার্থীদের নাম এবং প্রধান সমস্যাসহ বিস্তারিত পাঠায়। আবার কোনো কোনো কর্মী প্রতিটি রাজনৈতিক বিবৃতি, সমাবেশ, রোড শো, বক্তৃতা এবং দলীয় ইশতেহারের প্রভাব শনাক্তে সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে লেগে থাকেন। 

রাজেশ বলেন, দলের ২০-৩০ শতাংশ কর্মী আইআইটি থেকে এবং পাঁচ শতাংশ আইআইএম থেকে নেওয়া। সবার বিশ্বাস ডেটাতেই আবদ্ধ এবং প্রায়ই সবাই এক মন্ত্র জপে: ‘ডেটাই রাজা।’

তিনি জানান, তাদের কাজ যে আসগুলোতে দলের সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট সেখানে নয়, যেটি সুইং বা লড়াই হবে সেসব আসন। 

এই ব্যাপারে নরেন্দ্র মোদীর শেষ দুটি নির্বাচনে প্রচারে কাজ করা রাজনৈতিক কৌশলবিদ অভিমন্যু ভারতী বলেন, ভোট এলে জয়ী হতে আমরা প্রায়ই মেরুকরণের প্রয়োজনীয়তার কথা বলতাম। কারণ মেরুকরণ না কলে আমরা আটকে যাব।

তিনি বলেন, দল (বিজেপি) তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) লোকদের মাঠ গরম করতে বলা হয়। আর তারা বক্তৃতা দিয়ে বেড়ায়, “আবার এরা (মুসলিম) আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। তাদের ঠেকাতে হবে না হয় সমাজে অপরাধ বাড়বে। আরএসএস হলো বিজেপির আদর্শগত প্রধান সংস্থা, যার প্রায় ছয় লাখ সদস্য রয়েছে।

ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট AltNews-এর সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেন, রাজনৈতিক পরামর্শকে ‘অত্যন্ত অস্বচ্ছ প্রভাববিস্তারী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন এর নৈতিক ভিত্তি শূন্য। রাজনৈতিক দলগুলি তাদের মিথ্যা প্রচার, ভুল তথ্য এবং অনলাইন ঘৃণামূলক প্রচারণার জন্য ওই সংস্থাগুলোকে নিয়োগ দিচ্ছে। 

তিনি বলেন, নির্বাচন এগিয়ে আসলে আমরা সামাজিকমাধ্যমে ভুয়া খবর ও ঘৃণামূলক পোস্ট বাড়তে দেখি। ফেসবুক বিজ্ঞাপনে প্রক্সি পেজ, মিথ্যা তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য পোস্ট করে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে। আর এসবই করা হচ্ছে রাজনৈতিক পরামর্শকদের পরামর্শে।

ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট বুম লাইভ অনুসারে, ভারতে মুসলিমরাই ভুয়া খবরের প্রাথমিক লক্ষ্যবস্তু।

হায়দরাবাদে এফ-জ্যাক নামে ছোট একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা পরিচালনা করা মোহাম্মদ ইরফান বাশা বলেন, যে নির্বাচনী এলাকায় তরুণ ভোটারদের সংখ্যা যত বেশি হবে, ধর্মীয় বিভাজন তৈরি করা তত সহজ হবে।

তরুণ, সস্তা প্রতিভা

স্বাধীন ভারতে আইআইটি এবং আইআইএমগুলি ১৯৫০ ও ‘৬০র দশকে আধুনিক, স্বয়ংসম্পূর্ণ, শিল্পোন্নত জাতি গঠনের উদ্দেশ্যে স্থাপিত হয়।  ভারতের অর্থনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোও পরিবর্তিত হয়েছে। তাদের সংখ্যা বেড়েছে, কোর্স যোগ হয়েছে, উদ্ভাবনকে উৎসাহিত করা হয়েছে এবং স্টার্ট-আপ ইনকিউবেশন সেন্টারও স্থাপন করা হয়েছে।

আইআইটির প্রকৌশলীরা খুব সহজেই চাকরি পান। কিন্তু রাসায়নিক, মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, মাইনিং এবং মেটালার্জিক্যাল প্রকৌশলীরা চাহিদা খুব একটা নেই। 

ভারতে স্নাতক পাস করা বেকারত্বের হার অশিক্ষিত যুবকদের বেকারত্বের হারের চেয়ে ৯ গুণ বেশি। দেশটির এই হতাশাগ্রস্ত চাকরির বাজারে পেশাদার, কর্পোরেট-স্টাইলের রাজনৈতিক পরামর্শ সংস্থাগুলো পাঁচ/ছয় বছর আগে আইআইটি এবং অন্যান্য ক্যাম্পাস থেকে সরাসরি নিয়োগ শুরু করেছিল। 

নাম প্রকাশ না করার শর্তে কংগ্রেসের প্রচার দলের এক সদস্য বলেন, এরা তরুণ, সস্তা প্রতিভা। তারা উত্তেজিত, আমরা পাচ্ছি সতেজ মনের খুবই কর্মঠ তরুণ। 

সংস্থাগুলো কোনো নির্দিষ্ট ডিগ্রির খোঁজ করে না, তারা শুধু প্রযুক্তির জ্ঞানসম্পন্ন, গাণিতিক দক্ষতাসম্পন্ন স্মার্ট ব্যক্তিদের খুঁজে—যারা কোডিং জানে বা শিখতে পারে, সমস্যা সমাধানে ভালো এবং লক্ষ্য আঘাত হানতে পারে। বেশিরভাগ এমবিএ-কে তথ্য বিশ্লেষণ, পদ্ধতি এবং প্রক্রিয়া ঠিক করা, দল পরিচালনা করা, সংস্থান বরাদ্দ এবং রাজনীতিবিদদের প্রেজেন্টেশন দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়। আর আইআইটি প্রকৌশলীরা প্রযুক্তি পরিচালনা, তথ্য সংগ্রহ এবং তা আলাদা আলাদা বিশ্লেষণ করে।

গোপনীয়

রাজনৈতিক কৌশলবিদ অভিমন্যু ভারতী বলেন, নির্বাচনে জয়ের দুটি মন্ত্র হলো—সুক্ষ্ম বিচার বিবেচনার ক্ষমতা এবং ট্র্যাক । তিনি বলেন, ট্র্যাকিং আপনাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেতে এবং ত্রুটিগুলি ঠিক করতে সক্ষম করে৷ নির্বাচনে যে নেতা বা দল সবচেয়ে কম ভুল করে তারাই জয়ী হয়। সেজন্য ত্রুটিগুলি সারিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।

রাজনীতিতে ভোট পেতে দলগুলোকে প্রার্থী বাছাই, প্রচারের কৌশল, স্লোগান ও দলের কর্মকাণ্ড তুলে ধরা, বিরোধীদের আক্রমণ করা এবং কার কার সঙ্গে দেখা করতে হবে, মন্দির পরিদর্শন, কখন এবং কোথায় কোন দলিত পরিবারে খাবে সবকিছুই পরামর্শক সংস্থার পরামর্শে করতে হয়। ভোটেরদিন যত এগিয়ে আসে সংস্থাগুলোর কাজ তত বাড়ে এবং চোখ নিবদ্ধ হয় নির্বাচনী মাঠে। 

নীরাজ বলেন, সংস্থার কর্মীদের মাঠে নামানো হয় শুধু ভোটারের তথ্যের জন্য নয়, নিজেদের এবং বিরোধী দলের নেতাদের সমস্ত কর্মকাণ্ডের প্রতিবেদন, কে অসন্তুষ্ট এবং কাকে কেনা যাবে তা খুঁজে বের করার জন্যও। এই কাজ এতটাই গোপন যে আপনি আপনার পরিচয় হারাতে শুরু করবেন।

এই কাজ করতে গিয়ে তাকে পর্যটক, কখনো সাংবাদিক বা কখনো গবেষক হিসেবে পরিচয় দিতে হয়েছে। ভারতের বেশিরভাগ রাজনৈতিক পরামর্শ সংস্থা গোপনে কাজ করে। কর্মচারীদের এনডিএ স্বাক্ষর করতে হয় এবং একই দলের কর্মীদের বেতন প্রায়শই বিভিন্ন উৎস থেকে আসে। মাঠ কর্মীদের ফোন এবং নেতাদের গাড়ি জিপিএসের মাধ্যমে ট্র্যাক করা হয় এবং সংস্থার প্রযুক্তি দলগুলি তা পর্যবেক্ষণ করে।  আল জাজিরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছে।

তারা জানান, তাদেরকে দিনে ১৪-১৬ ঘণ্টা কাজ করতে হয়। এতে তাদের পারিবারিক জীবনে বিঘ্ন ঘটে। জয়ের জন্য তাদের প্রচণ্ড মানসিক চাপ ও ক্লান্তির ভেতর দিয়ে যেতে হয়। 

নীরাজ কাজের নেতিবাচক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ত্রিপুরায় বিজেপির রাজ্য পার্টির সভাপতির সঙ্গে একটি বৈঠকের কথা স্মরণ করেন। তিনি জানান, মাঠ পর্যায়ের রিপোর্টের ভিত্তিতে এনডব্লিউএন মিডিয়ার নজর কাড়তে গোলমাল সৃষ্টির সুপারিশ করেছিল। 

নীরাজ বলেন, তারা (রাজনৈতি নেতা) জীবনের চেয়ে ভোটকে বেশি ভালোবাসে। আমাদের পরামর্শের পর দলের নেতা অবিলম্বে কয়েকজন বিজেপি কর্মীকে প্রতিদ্বন্দ্বী দল অধ্যুষিত এলাকায় পোস্টার লাগাতে পাঠানোর প্রস্তাব দেন। নেতা বলেন “তারা আমাদের কর্মীদের মারধর করবে। তারপর আমরা [মিডিয়ার কাছে] বিবৃতি দিতে পারব।”

নীরাজ বলেন, হঠাৎ তার কাছে ফোন আসে, দলের এক কর্মী খুন হয়েছেন। তিনি আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, “ভাই, মিল গিয়া মুদ্দা (ভাই, আমরা আমাদের ইস্যু পেয়েছি)।

এই ব্যাপারে কথা বলতে বিজেপির ত্রিপুরা মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন