Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে নারী ইউটিউবারদের উত্থান

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩২ এএম

আফগানিস্তানে নারী ইউটিউবারদের উত্থান

আফগান নারী ইউটিউবার আয়েশা নিয়াজি (বাঁয়ে) ও সেতাইশ হায়াত। ছবি: স্ক্রল.ইন

সেতাইশ হায়াত (২১) আফগানিস্তানের একজন নারী ইউটিউবার। তার বসার ঘরে আলো ঝলমলে সিনেমা সেটের চিহ্ন মাত্র নেই। অথচ একসময় আলো ঝলমলে সেটই তার প্রিয় ছিল। সেই তিনি এখন বলছেন, বাড়িতে বসে ইউটিউব ভিডিও নির্মাণই বর্তমান আফগানিস্তান জীবনের সবচেয়ে ভালোলাগার ব্যাপার। কারণ দেশটিতে যে এখন তালেবানের ক্রমাগত বিধিনিষেধ নারীদের ঘরে বন্দি করে রেখেছে।    

তালেবান ২০২১ সালে দেশটির ক্ষমতায় বসার আগে ২১ বছর বয়সী হায়াত স্থানীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের উঠতি অভিনেত্রী ছিলেন। ক্ষমতা দখলের পর ডিক্রি জারি করে টেলিভিশন নাটক ও নারী অভিনেত্রীদের উপর নিষেধাজ্ঞা দেয় তালেবান।  শুধু তা-ই নয়, টেলিভিশনের সংবাদ উপস্থাপনের সময়ও নারীদের হিজাব পরার কঠোর আদেশ দেওয়া হয়। 

এখন পরিবারের সদস্যদের নিয়ে রান্না, ফ্যাশন এবং সাজগোজের মতো বিষয়ে মাসে প্রায় ৩০টি ইউটিউব কনটেন্ট নির্মাণ করেন হায়াত। যা তাকে জীবিকার সন্ধানে অনলাইনে ভিড় করতে থাকা আফগান নারীদের মধ্যে অন্যতম সফল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

গত সেপ্টেম্বরে ইউটিউব চ্যানেল খুলেন তিনি। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ তার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। হায়াত বলেন, ক্যামেরা, লাইট, ক্রেন বা অভিনব প্রপসের মতো বিশেষ কোনো সরঞ্জাম আমরা ব্যবহার করি না। আমাদের ফোনেই আমরা ভিডিও ধারণ করি। 

তিনি জানান, ইউটিউব চ্যানেলটির জন্য তিনি বিপদের মুখেও পড়েছিলেন। তাই এখন তিনি বাইরে শুট করলে নিরাপত্তার জন্য মেডিক্যাল মাস্ক ও সানগ্লাস পরেন। কাবুলের প্রেক্ষাপটে হায়াত বলেন, বাড়ির বাইরে কাজ করা মেয়ে ও নারীদের জন্য এটি খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে যারা ক্যামেরার সামনে কাজ করেন এবং ইউটিউব কন্টেন্ট তৈরি করেন।

ইউটিউব ভিডিও থেকে কত টাকা আয় হয় তা বলতে রাজি হননি তিনি। তবে সেই অর্থ পরিবার চালানোর জন্য যথেষ্ট বলে জানান হায়াত। 

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আফগান ব্যাঙ্কগুলির সঙ্গে লেনদেন খুবই সীমিত করেছে। তাই বেশিরভাগ ইউটিউব কনটেন্ট নির্মাতা তাদের প্রবাসে থাকা বন্ধুদের সাহায্য নেন এবং তারা ইউটিউবারদের আয়ের অর্থ বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে আফগানিস্তানে পাঠান। 

হায়াত জানান, তার বেশিরভাগ দর্শক যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার। এ ছাড়া তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তানেও তার দর্শক রয়েছে। 

তালেবান নিয়ন্ত্রণ

তালেবান বেশিরভাগ আফগান নারী কর্মীকে এইড অ্যাজেন্সিগুলোতে কাজ করা থেকে বিরত রেখেছে এবং বিউটি সেলুনগুলি বন্ধ করে দিয়েছে। এর ফলে কয়েক হাজার নারী বেকার হয়ে পড়েন। এমনকি নারীদের পার্কে যাওয়া নিষিদ্ধ এবং পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ভ্রমণও সীমিত করে দিয়েছে তালেবান। বেশিরভাগ মেয়ে ও নারী উচ্চবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় পড়েছেন।  

নিষেধাজ্ঞায় পড়া শিক্ষার্থীদের মধ্যে ময়না সাদাত একজন। তিনি আইন নিয়ে পড়ছিলেন এবং নিষেধাজ্ঞায় পড়ে ইউটিউবার হন। তিনি বলেন, এটি এমন এক পরিস্থিতি যেখানে নারীদের মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে হাত বাঁধা। তাই ইউটিউব চ্যানেল ছিল দারুণ এক বিকল্প। ইউটিউবে কনটেন্ট নির্মাণের মাধ্যমে আমি আমার জীবনযাত্রার ব্যয়ও মেটাতে পারি।

নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ বাড়ানোর পশ্চিমাদের দুই দশকের প্রচেষ্টা তালেবানের হঠাৎ ক্ষমতায় আসা পাল্টে দেয় । তালেবান শাসকরা বলেন, তারা ইসলামিক আইন অনুযায়ী অধিকারকে সম্মান করেন।

ফওজিয়া কুফি একজন আফগান নারী অধিকার কর্মী। ২০২০ সালে তালেবানের গুলিতে গুলিবিদ্ধ হন। কুফি বলেন, ইউটিউব চ্যানেলগুলি থেকে কেবল আয়ই আসে না, বরং এটি নারীদের বার্তা, অভিজ্ঞতা এবং ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করেছে।

লন্ডনের নিজের নতুন বাড়ি থেকে তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রতিটি নারীর কাছে একটি মোবাইল ফোন আছে এবং এর মাধ্যমে তারা বিশ্বের সঙ্গে যুক্ত। একটি ক্ষমতায়িত প্রজন্মকে কিভাবে আপনি থামিয়ে রাখবেন? 

হায়াত সহ অনেক নারী ভয় পান তালেবান তাদের ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে দিতে পারে। কারণ চ্যানেলগুলোর দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্প্রচার লাইসেন্স নেই। দেশটিতে সামাজিক মাধ্যমের প্রভাবশালী এবং কনটেন্ট নির্মাতাদের জন্য এই লাইসেন্স বাধ্যতামূলক।

শাদাব গুলজার হলেন আফগানিস্তান ইউটিউবার্স ইউনিয়নের উপপ্রধান। এই ব্যাপারে তিনি বলেন, আফগানিস্তানে পরিচালিত প্রতিটি ইউটিউব চ্যানেল লাইসেন্স নিক সেই চেষ্টাই করছে তালেবান সরকার। আর একবার লাইসেন্স নিলে, তারা আরও নিয়ন্ত্রণে থাকবে এবং স্বাক্ষরিত চুক্তি এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে। 

বেঁচে থাকা

নারী ইউটিউবারদের তালেবান আশ্বস্ত করেছে, নারীরা যদি লাইসেন্স পাওয়ার শর্ত পূরণ করে তবে ভয়ের কিছু নেই। শর্তের মধ্যে রয়েছে সাংবাদিকতায় ডিগ্রি এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা। এখন তালেবান ক্ষমতায় আসার আগে যদি এই ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা না থাকে তবে নারীদের ক্ষেত্রে শর্ত পূরণ খুবই কঠিন। 

এই ব্যাপারে আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ান বলেন, ইউটিউবারদের কনটেন্টগুলো ইসলামী ব্যবস্থা এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়া উচিত নয় এবং ধর্মীয় ও জাতিগত পক্ষপাত থেকে তাদের বিরত থাকা উচিত। অন্যান্য ব্যাপারে তাদের কোনো বাধা নেয়। আর লাইসেন্সের জন্য চার হাজার আফগানি মুদ্রা বা ৫৬.১৬ ইউএস ডলার খরচ হয়। 

তিনি জানান, আফগানিস্তানে ঠিক কতজন নারী ইউটিউবার আছেন সে সংখ্যা সম্পর্কে নিশ্চিত নন। তবে ১ হাজারের বেশি ইউটিউব চ্যানেল চালু আছে এবং ২৫০ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে।

এদিকে গুলজার বলেন, অনেক নারীর আয়ের একটি উল্লেখযোগ্য উৎস হয়ে উঠেছে ইউটিউব চ্যানেল। যাদের বেশিরভাগই কনটেন্ট থেকে আসা আয় দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটাচ্ছেন। 

তথ্যানুসারে, প্রায় ১০ থেকে ১৫ শতাংশ আফগান ইউটিউবারের মাসিক আয় ১৫০০ থেকে ২০০০ মার্কিন ডলার। আর মোট ইউটিউবারের অর্ধেকের চেয়ে কিছু বেশির গড় মাসিক আয় ৫০০ ডলার পর্যন্ত।

বিশ্বব্যাংকের মতে, আফগানিস্তানে মাথাপিছু জিডিপি মাত্র ৩৫০ মার্কিন ডলারের সামান্য বেশি। সেই তুলনায় ইউটিউবারদের আয় বেশ ভালোই বলা যায়। তাই তো আফগান নারীরা বলছেন, বাড়িতে বসে করার মতো এই ধরনের কাজই তাদের বেঁচে থাকার প্রধান রসদ। 

সূত্র : স্ক্রল.ইন

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন