ঘড়ির কাঁটায় দুপুর ১২টা ১৭ মিনিট। ঠিক মাথার ওপর সূর্য। প্রচণ্ড তাপমাত্রা। তবে পড়ছে না কোনো ছায়া! এমনই বিরল দৃশ্যের সাক্ষী হলো ভারতের বেঙ্গালুরুর বাসিন্দারা। আজ বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিট থেকে ১২টা ২৩ মিনিট পর্যন্ত এমন ছায়াহীন ছিল শহরটি।
প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে পৃথিবীর বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটতে দেখা যায়। এমন দিনকে জিরো শ্যাডো ডে বলা হয়। বেঙ্গালুরুসহ ভারতের কন্যাকুমারী, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই ও ভোপাল শহরে এবং বিশ্বের কিছু অংশে বছরে দুবার করে এমন বিরল ঘটনা ঘটে। এই দিনগুলোতে, মাটিতে থাকা বস্তুগুলো কোনো ছায়া ফেলে না। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার মতে, এই ঘটনাটি বিষুবরেখার কাছে ঘটে। কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অংশে এমন ঘটনা ঘটতে পারে। বেঙ্গালুরুর ক্ষেত্রেও সেটিই ঘটছে।
এর মধ্যে কন্যাকুমারীতে ১০ এপ্রিল এবং ১ সেপ্টেম্বর দুপুর ১২টা ২১ মিনিট থেকে ১২টা ২২ মিনিট পর্যন্ত, বেঙ্গালুরুরে ২৪ এপ্রিল এবং ১৮ আগস্ট দুপুর ১২টা ১৭ মিনিট থেকে ২৫ মিনিট পর্যন্ত, হায়দরাবাদে ৯ মে এবং ৫ আগস্ট ১২টা ১২ মিনিট থেকে ১২টা ১৯ মিনিট পর্যন্ত, মুম্বাইয়ে ১৫ মে এবং ২৭ জুন ১২টা ৩৪ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এবং ভোপালে ১৩ এবং ২৮ জুন দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ২৩ মিনিট পর্যন্ত ছায়াহীন থাকে।
এছাড়া গত বছর জুন মাসে কলকাতায় এমন ছায়াহীন দিন ছিল। এর আগে, ২০২১ সালে ওড়িশার ভুবনেশ্বরেও ছায়াশূন্য দিন দেখা গিয়েছিল।
